২৩ বছরেও নির্মিত হয়নি সংযোগ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে একটি সেতু নির্মাণের ২৩ বছর পার হলেও সংযোগ সড়ক নির্মিত হয়নি। এতে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে ১৫ গ্রামের মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সোনারগাঁ সূত্রে জানা যায়, ১৯৯২ সালে শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর নবীনগর খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দুই পাশে দুই কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক আজও নির্মাণ করা হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সেতুর দুই পাশের সড়ক নির্মাণ না করায় নবীনগর, এলাহীনগর, ইসলামপুর, দড়িগাঁও, শম্ভুপুরা, ফতেপুর, গোবিন্দপুরসহ ১৫টি গ্রামের মানুষ বছরের পর বছর ভোগান্তি পোহাচ্ছে।
চেলারচর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ১০ বছর ধরে সড়ক নির্মাণের দাবিতে আন্দোলন করা হচ্ছে। তারপরও কিছু সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি।
নবীনগর গ্রামের বাসিন্দা আশেক আলী ও শরীফা হক বলেন, সংযোগ সড়কটি নির্মাণ করা হলে এলাকার কৃষিপণ্য আনা-নেওয়া ছাড়াও শিক্ষার্থীরা বিদ্যালয়ে সহজে যাতায়াত করতে পারত। এখন গ্রামগুলোর বাসিন্দা ও শিক্ষার্থীরা পাঁচ কিলোমিটার এলাকা ঘুরে যাতায়াত করে। আর বর্ষা মৌসুমে নৌকায় করে চলাচল করতে হচ্ছে।
শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও নবীনগর গ্রামের বাসিন্দা আমির হোসেন বলেন, সড়কটি নির্মাণ করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা ইউনিয়ন পরিষদের নেই। এলজিইডি একটি প্রকল্প দিয়ে সড়কটি নির্মাণ করতে পারে।
এলজিইডির সোনারগাঁ উপজেলা প্রকৌশলী নূর নবী পাঠান বলেন, আগামী শুকনো মৌসুমে সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করার জন্য প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।