২৩ বছরেও পরিত্যক্ত ভবন ভাঙা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) কার্যালয়ের দ্বিতল ভবনটি ২৩ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর পরও ভবনটি ভেঙে না ফেলায় ধসে পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মাসে এ কার্যালয়ের কার্যক্রম অন্যত্র স্থানান্তর করা হয়েছে।বিএডিসি উলিপুর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৪ সালে বিএডিসির কার্যক্রম পরিচালনার জন্য সরকার উপজেলা পরিষদ এলাকার মধ্যে দ্বিতল ভবনটি নির্মাণ করে। নির্মাণে ত্রুটি থাকায় কয়েক বছর পরই ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উলিপুর উপজেলা কার্যালয়ের প্রকৌশলীরা ১৯৯০ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। দুর্ঘটনা এড়াতে ভবনটি ভেঙে ফেলার জন্য বিএডিসি কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি লিখিতভাবে জানিয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও ভবনটি অপসারণের উদ্যোগ নেয়নি উপজেলা পরিষদ।সরেজমিনে দেখা যায়, ভবনের ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে আছে। ভবনের যত্রযত্র পরগাছা জন্মেছে। বিভিন্ন স্থানে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। এই ঝুঁকিপূর্ণ ভবনের পাশেই জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, বিএডিসির বীজকেন্দ্রসহ সরকারি বেশ কয়েকটি কার্যালয়। ইউএনও শাহীনুর আলম জানান, বিএডিসি কার্যালয়ের কার্যক্রম মে মাসে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ভবনটি ভেঙে ফেলার জন্য তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান এম কফিল জানান, শিগগিরই ভবনটি অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।