২৩ বছরের ময়নার নামে বয়স্ক ভাতার কার্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিধি অনুযায়ী, ৬৫ বছরের কম বয়সী কোনো নারী বা পুরুষ বয়স্ক ভাতা পাবেন না। কিন্তু এ বিধি মানা হয়নি ময়না বেগমের ক্ষেত্রে। মাত্র ২৩ বছর বয়সেই তিনি পেয়েছেন এ ভাতা। ঘটনাটি ঘটেছে খুলনার ডুমুরিয়া উপজেলায়।ময়না বেগম উপজেলার ধামালিয়া ইউনিয়নের ধামালিয়া গ্রামের শহিদুল ইসলাম বাওয়ালীর স্ত্রী। তাঁর বয়স এখন ২৯। তিনি ২০০৪ সাল থেকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত ভাতা পাচ্ছেন।উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, জমা দেওয়া ছবি দেখলে মনে হবে ময়না বেগম একজন তরুণী। বয়স্ক-ভাতার কার্ডে উল্লেখ করা আছে, তিনি ১৯৪৪ সালের ৬ মে জন্মগ্রহণ করেছেন। কিন্তু জাতীয় পরিচয়পত্রে তাঁর জন্মতারিখ ৪ আগস্ট, ১৯৮২।বয়স্ক-ভাতাবিষয়ক সরকারি নীতিমালার ৪-এর ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ‘সর্বনিম্ন ৬৫ বছর বয়স্ক অসুস্থ, দুস্থ, সহায় সম্বলহীন বিধবা বা ভূমিহীনেরাই বয়স্ক-ভাতা পাওয়ার যোগ্য।’ এ নীতিমালা লঙ্ঘন করে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা তাঁকে বয়স্ক-ভাতা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ভাতার সুবিধাভোগীরা প্রতি মাসে ৩০০ টাকা করে পান।ময়না বেগম বলেন, ‘২০০৩ সালে আমাগে এলাকা ডুবো ছিল। আমার স্বামীর কাজ কত্তি পাত্তে না। অভাবে আমাগে সংসারই ভাঙ্গে যাতিছিল। তাই আমার শাহাড়ির (শাশুড়ি) জন্নি পাস হওয়া কার্ড আমার নামে করায়ে দিইল। আমার বয়স আনুমান ২২-২৩ হতি পারে। বয়স ধল্লি আমার কার্ড পাওয়ার কথা না।’ধামালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান খান সাইদুজ্জামান জানান, ইউনিয়নের অনেক বয়স্ক ও দরিদ্র লোক ভাতা পাওয়ার যোগ্য হলেও ২২-২৩ বছরের একজন তরুণী এত দিন ধরে বয়স্ক ভাতা পাওয়ার বিষয়টি দুঃখজনক।যোগ্য হলেও বয়স্ক ভাতা পাননি, এমন একজন বৃদ্ধের নাম কালা ছুটু। তাঁর বয়স ৬৫। ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামের বাসিন্দা কালা ছুটু বলেন, ‘আমি বিধবা মানুষ, এর-ওর দুয়োর কুড়োয়ে খাই। মেলা বের (অনেকবার) চেয়ারম্যান-মিম্বারের কাছে কইছি, তারা আমারে এট্টা কাড করে দেলে না। কিন্তু ধামালে গ্রামে ২২-২৩ বছর বয়সের ময়না ছয়-সাত বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছে।’ধামালিয়া ইউপির চেয়ারম্যান আবু জাফর বলেন, ‘বয়স্ক-ভাতার কার্ড দেওয়ার জন্য ওয়ার্ড মেম্বারদের কমিটি আছে। তারাই বাছাই করে নাম দেয়। আর এমন ঘটনার কথা আমার জানা নেই।’উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী আল-মাসুদ জানান, ‘তিন-চার মাস আগে বয়স্ক ভাতার সুবিধাভোগীদের ব্যাংক হিসাব খোলার সময় আমাদের অফিসের ইউনিয়ন সমাজকর্মী মোল্লা জালাল উদ্দিন এ ঘটনাটি আমাকে জানায়। আমি ময়নার ভাতা স্থগিত করতে বলেছি।