দিনাজপুর পৌরসভার ২৩ বিঘা জমি কয়েক ব্যক্তি দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে দখলদারদের দাবি, তাঁরা পৈতৃক সূত্রে জমির মালিক। পৌরসভা সূত্র জানায়, ১৯৬০ সালে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রাজারামপুর মৌজার আট ৮ দশমিক ৬০ একর জায়গা অধিগ্রহণ করে পৌরসভাকে বুঝিয়ে দেওয়া হয়। ২০০২ সালে ২৮ মে ওই জমি থেকে এক একর দিনাজপুর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রকে দেয় পৌরসভা। সূত্র জানায়, ১৯৬০ সাল থেকে ওই জমিতে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছিল। শুক্রবার একদল লোক পৌরকর্মীদের মারধর এবং আবর্জনাবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। বাধ্য হয়ে পৌরকর্মীরা ময়লা না ফেলে চলে যান।পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ওই জমির মালিক পৌরসভা। একটি চক্র ওই জমি দখলের চেষ্টা করছে। এ ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।জমির মালিক দাবিদার শহরের রাজবাড়ী এলাকার জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস ও শহীদুল ইসলাম বলেন, মৃত উপেন্দ্রনাথ বিশ্বাস, মৃত সলায়মান আলী, নিরোদ মোহন দাসসহ ছয়-সাত ব্যক্তি ওই জমির মালিক। এত দিন তাঁরা পৌরসভার ওই জমি দখল করেছিলেন। তাঁরা বলেন, ২০১০ সালে পৌরসভা ওই জমি খারিজের জন্য আবেদন করে। এ সময় তাঁরা ওই জমির মালিকানা দাবি করে আপত্তি করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) উভয় পক্ষের দলিল পর্যালোচনা করে পৌরসভার খারিজের আবেদন বাতিল করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর তাঁরা নিজেদের জমি দখলে নিয়েছেন। তবে তাঁরা কোনো দলিল দেখাতে পারেননি।দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম বলেন, দখলের বিষয়টি তিনি জানতেন না। জানার পর অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন।দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইকবাল শামীম প্রথম আলোকে বলেন, কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।