২৩ বিবৃতিদাতার বিষয়ে আদেশ ১০ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে বিবৃতিদাতাদের আচরণ দায়িত্বহীন ছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
২৩ বিবৃতিদাতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ওপর শুনানির সময় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ মন্তব্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম। শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য ১০ জুন দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
আদালত অবমাননায় অভিযুক্ত ২৩ বিবৃতিদাতা হলেন জাফরুল্লাহ চৌধুরী, আফসান চৌধুরী, আনু মুহাম্মদ, মাসুদ খান, শিরীন হক, আলী আহমেদ জিয়াউদ্দিন, রেহনুমা আহমেদ, ফরিদা আখতার, শহীদুল আলম, সি আর আবরার, জিয়াউর রহমান, হানা শামস আহমেদ, আনুশেহ আনাদিল, মুক্তশ্রী চাকমা, লুবনা মরিয়ম, বিনা ডি কস্তা, মাহমুদ রহমান, জারিনা নাহার কবির, লিসা গাজী, শবনম নাদিয়া, নাসরিন সিরাজ, টিবরা আলী ও দেলওয়ার হোসেন।
শুনানিতে দুজন বিবৃতিদাতার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আখতার ইমাম। তাঁকে সহায়তা করেন রাশনা ইমাম। তিনজন বিবৃতিদাতার পক্ষে শুনানি করেন শিরীন হক। ১০ জনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। বাকি আটজন বিদেশে আছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি তুরিন আফরোজ।
গতকালের শুনানিতে আখতার ইমাম বলেন, বিবৃতির জন্য আদালত অবমাননায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে অনেকে মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে গত চার দশকের আন্দোলনে যুক্ত ছিলেন। তাই এ বিচার বিষয়ে তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, ১৯৭৩ সালে আইন প্রণয়নের পর থেকে ২০১০ সাল পর্যন্ত অনেক সরকার এসেছে, কিন্তু কেউ বিচারের উদ্যোগ নেয়নি। এ উদ্যোগকে সবার ঠিকভাবে মূল্যায়ন করা উচিত। ট্রাইব্যুনালকে নিয়ে অসংযত বিবৃতি দেওয়া হলে তা মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
আখতার ইমাম বলেন, বিবৃতিদাতারা এমন কিছুই বলতে চাননি, যাতে ট্রাইব্যুনালের মর্যাদা ক্ষুণ্ন হয়। শুনানির একপর্যায়ে ট্রাইব্যুনাল বিবৃতিদাতাদের উদ্দেশে বলেন, ‘তিন দিন ধরে শুনানি করলেন, কিন্তু ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশের কারণটা কী সেটাই জানতে পারলাম না।’
পরে ট্রাইব্যুনালের প্রশ্নের জবাবে হানা শামস ও শিরীন হক জানান, বিবৃতিটির বাংলা সংস্করণ পড়ে তাঁরা স্বাক্ষর করলেও ইংরেজি সংস্করণ সবাই পড়েননি। বাংলা থেকে কে বিবৃতিটি ইংরেজিতে অনুবাদ করেছেন, সেটিও নিশ্চিত নয়।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আপনারা সমাজের দায়িত্বশীল মানুষ হয়েও দায়িত্বহীন আচরণ করেছেন। কে কোনটাতে সমর্থন দিয়েছেন, না দিয়েছেন—সেটাই নিশ্চিত করে বলতে পারছেন না।’ এ পর্যায়ে একজন বিবৃতিদাতা শহীদুল আলম ট্রাইব্যুনালকে বলেন, ‘বিবৃতির দুটি সংস্করণ আমরা সবাই ঠিকমতো দেখিনি। তবে এ দায় কারও একার নয়, আমাদের সবার।’
শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।