২৩ বিবৃতিদাতার বিষয়ে পরবর্তী শুনানি ১১ মে
বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতাদের ২৩ জনের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগে শুনানি ১১ মে পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল বুধবার এ শুনানি শুরু হয়। ওই ২৩ জন হলেন: জাফরুল্লাহ চৌধুরী, আফসান চৌধুরী, আনু মুহাম্মদ, মাসুদ খান, শিরীন হক, আলী আহমেদ জিয়াউদ্দিন, রেহনুমা আহমেদ, ফরিদা আখতার, শহীদুল আলম, সি আর আবরার, জিয়াউর রহমান, হানা শামস আহমেদ, আনুশেহ আনাদিল, মুক্তশ্রী চাকমা, লুবনা মরিয়ম, বিনা ডি কস্তা, মাহমুদ রহমান, জারিনা নাহার কবির, লিসা গাজী, শবনম নাদিয়া, নাসরিন সিরাজ, টিবরা আলী ও দেলওয়ার হোসেন।
এই ২৩ জনের মধ্যে দুজনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আখতার ইমাম, তাঁর সঙ্গে ছিলেন রাশনা ইমাম। ১০ জনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনজন নিজেদের পক্ষে শুনানি করেন। আটজন বিদেশে আছেন।