চট্টগ্রাম থেকে অবৈধভাবে নৌপথে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে ২৩ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে নগরের বহদ্দারহাটের খতিবের হাট এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে তাঁদের উদ্ধার করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার শাহ মো. আবদুর রউফের নেতৃত্বে পাঁচলাইশ ও চান্দগাঁও থানা যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. ইসমাইল, নির্মাণাধীন ভবনের জায়গার মালিক মো. মহসিন, মোবারক হোসেন, নুরুন্নবী, মো. আঁচন ও মো. ইউনুস। তাঁদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মানব পাচার আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, মো. ইসমাইল পাচার চক্রের মূল হোতা ও ইয়াবা ব্যবসায়ী।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ গতকাল শনিবার সাংবাদিকদের জানান, নৌপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৩ জনকে ওই নির্মাণাধীন ভবনে জড়ো করা হয়। তাঁদের চট্টগ্রাম থেকে নৌপথে প্রথমে টেকনাফে এবং পরে মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এডিসি মো. শহীদুল্লাহ আরও বলেন, ‘চট্টগ্রাম নগরের আরও কিছু জায়গায় একই উদ্দেশে লোক জড়ো করা হয়েছে বলে খবর পেয়েছি। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।’ উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন শান্তা আলী (২৪), আলামিন (২৫), আশরাফুল (২৩), রফিকুল ইসলাম (২৪), রুহুল আমিন (২৫), হাবিবুর মিয়া (২৫), মাসুদ রানা (২৬), মাসুদ মিয়া (২৫), নূর ইসলাম (২৮), হানিফ মিয়া (৩৯), রফিকুল ইসলাম (২৫), আশরাফ আলী (২৬), রফিকুল ইসলাম (৩০), হাবিবুর রহমান (২৫), তাজুল ইসলাম (২৩), নুরুল আজিম (৩১), শুক্কুর ব্যাপারী (৩৩), রফিকুল ইসলাম (২২), ইকবাল মিয়া (৩২), মো. সেলিম (৩০), রুহুল আমিন (২২), মো. বাকির (১৮) ও স্বপন ভূঁইয়া (২৪)। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মুন্সিগঞ্জের বিক্রমপুরের বাসিন্দা নূর ইসলাম, শুক্কুর ব্যাপারী ও কিশোরগঞ্জ জেলার সদর থানার বাসিন্দা তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি মো. ইসমাইলের সঙ্গে আমাদের পরিচয় হয়। তিনি কোনো কাগজপত্র ছাড়াই এক লাখ ৮০ হাজার টাকা থেকে দুই লাখ টাকার বিনিময়ে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন। ভাগ্য বদলের জন্য তাই এ পথ বেছে নিয়েছি।’
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, গত বৃহস্পতি ও শুক্রবার তাঁদের চট্টগ্রামে আনা হয়।