২৩ মিলিয়ন ডলারের জিএসপি নয়, সমস্যা ভাবমূর্তির: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ জিএসপি পায় সামান্য। ২৩ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য সুবিধা। যেখানে প্রায় ছয় বিলিয়ন ডলারের মতো রপ্তানি, সেখানে ২৩ মিলিয়ন ডলারের জিএসপি গুরুত্বপূর্ণ নয়। তবে এটি ইমেজের (ভাবমূর্তির) সমস্যা।
গতকাল শনিবার গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দুদিনের বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ ওই অভিমত দেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা দেওয়ার জন্য ১৬টি শর্ত দিয়েছিল। প্রকৃতপক্ষে কোনো দেশ অন্য কোনো দেশকে শর্ত দিতে পারে না। যাই হোক শর্তগুলো গ্রহণ করা হয়েছে। সবগুলো শর্তই পূরণ করা হয়েছে। শর্তের বাইরে যদি তারা কিছু করতে বলে বাংলাদেশ সেটা কখনো করবে না।’
তোফায়েল আহমেদ বলেন, ‘খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে কারা কী কারণে দুই বিদেশি হত্যা করেছিল। যারা ২০১৩ সালে আন্দোলন করে ৫ জানুয়ারির নির্বাচনকে ঠেকাতে পারে নাই, ব্যর্থ হয়েছে। যারা ৯৩ দিন আন্দোলন-সংগ্রাম করে মায়ের কোল খালি করেছে তারা মনে করেছে আন্দোলন-সংগ্রাম করে সরকারের কিছু করা যাবে না। দুই-একটি বিদেশিকে হত্যা করা হলে আন্তর্জাতিক বিশ্বে খবর হবে।’
‘জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি’—প্রতিপাদ্য নিয়ে আয়োজিত বিজ্ঞানমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি প্রফেসর শহীদ আখতার হোসেন।