২৩ মেকে নৌ-নিরাপত্তা দিবস ঘোষণার দাবিতে দিনব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ মেকে নৌ-নিরাপত্তা দিবস ঘোষণার দাবিতে গতকাল রোববার রাজধানীতে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনা সভা, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। নদীবিষয়ক পত্রিকা নোঙর এসব কর্মসূচির আয়োজন করে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ বলেন, নদী রক্ষার কথা সবাই বলে। কিন্তু কোনো সরকারই সে লক্ষ্যে কাজ করে না। নদীর নাব্যতা না থাকায় বেশির ভাগ দুর্ঘটনা ঘটে। তাই নদী খনন করতে সরকারকে ব্যবস্থা নিতে হবে। সভায় ২৩ মেকে নৌ-নিরাপত্তা দিবস ঘোষণা, নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে অত্যাধুনিক উদ্ধারকারী জাহাজের ব্যবস্থা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা, নদীভাঙন রোধ, ঢাকার চারপাশের নদীগুলো সচল করাসহ ১১ দফা দাবি জানানো হয়। সভায় নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের সদস্যসচিব আমিনুল রসুল, ভাস্কর রাশা, শামসুজ্জামান, ডিজাইনার আবদুল্লাহ আল আমিন প্রমুখ বক্তব্য দেন। বিভিন্ন সময় নৌ-দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে সন্ধ্যা সাতটায় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্বালন করা হয়। নোঙর-এর সম্পাদক সুমন শামস প্রথম আলোকে বলেন, ‘২০০৪ সালে চাঁদপুরে লঞ্চ দুর্ঘটনায় আমার মাসহ দুই শতাধিক লোক মারা যান। আর কোনো প্রাণ যেন হারিয়ে না যায়, সে লক্ষ্যে ২০০৫ সাল থেকে নিরাপদ নৌপথের দাবিতে প্রতি বছর আন্দোলন করছি। কিন্তু কোনো সরকারই কার্যকর ব্যবস্থা নেয়নি।’