৩০ লাশ উদ্ধার, তল্লাশিতে কান্ডারি-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লঞ্চডুবিতে নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনেরা পদ্মার পাড়ে অপেক্ষার দীর্ঘ প্রহর গুনছেন। জীবিত না পেলেও প্রিয়জনের লাশটি চান তাঁরা। ছবি: ফোকাস বাংলা
লঞ্চডুবিতে নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনেরা পদ্মার পাড়ে অপেক্ষার দীর্ঘ প্রহর গুনছেন। জীবিত না পেলেও প্রিয়জনের লাশটি চান তাঁরা। ছবি: ফোকাস বাংলা

পদ্মায় লঞ্চডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত নয়টি লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে চার দিনে ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার চার দিনেও লঞ্চের অবস্থান শনাক্ত করা যায়নি।

আজ সকালে উদ্ধারকাজে যোগ দিয়েছে চট্টগ্রাম থেকে আসা জরিপ জাহাজ কান্ডারি-২।

গত সোমবার মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের অদূরে পদ্মা নদীতে এমএল পিনাক-৬ নামের লঞ্চটি তিন শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজের তালিকায় নাম উঠেছে ১৩৭ জনের।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের হিসাবে, গতকাল বুধবার ২১টি লাশ উদ্ধার হয়। আজ বেলা তিনটা পর্যন্ত আরও নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। মোট ৩০টি লাশের মধ্যে ভোলায় ছয়টি, শরীয়তপুরে নয়টি, চাঁদপুরে চারটি, লৌহজংয়ে চারটি, বরিশালে চারটি, মাদারীপুরে দুটি ও লক্ষ্মীপুর থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে ১৬টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ৩০ জনের মধ্যে পুরুষ নয়জন, নারী ১৪ জন ও শিশু সাতজন।

মাওয়া ঘাটে স্থাপিত জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত লৌহজং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বদরুদ্দোজা জানান, লঞ্চটির খোঁজে নৌবাহিনী, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। গতকাল বুধবার গভীর রাতে চট্টগ্রাম থেকে জরিপ জাহাজ কান্ডারি-২ এসেছে। আজ সকাল সাতটা থেকে ওই জাহাজটি অনুসন্ধানকাজ শুরু করেছে।

আজও নদীর তীরে শোকাহত স্বজনেরা অপেক্ষার অসহ্য প্রহর গুনছেন। তাঁরা বুঝে গেছেন, প্রিয়জনদের আর জীবিত পাওয়ার কোনো আশা নেই। এখন শুধু লাশের অপেক্ষা।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে আজ দুপুরে শরীয়তপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী জানান, দুপুর পৌনে ১২টার দিকে শিবচর থানার সর্বস্তরের জনতার ব্যানারে স্থানীয় লোকজন ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। গত সোমবার মাওয়ায় লঞ্চ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের অপসারণ চান তাঁরা। এ দুর্ঘটনার জন্য তাঁরা বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের দায়ী করেন।