২৩ শতাংশ শিশু স্কুলের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখনো প্রতি চারজন শিশুর মধ্যে একজন বিদ্যালয়ে যায় না। প্রতি ১০ জনের মধ্যে মাত্র দুজন শিশু প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে। ছয় থেকে ১০ বছর বয়সী প্রায় ২৩ শতাংশ শিশু এখনো স্কুলের বাইরেই রয়ে গেছে।

‘শিশু সমতা মানচিত্র: সামাজিক বঞ্চনার ক্ষেত্রসমূহ’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনটি বলছে, ভালো কাজ করার সুনাম আছে এ ধরনের উপজেলাগুলোতেও ১০০ জনের মধ্যে ১০ জন শিশু স্কুলে যায় না। খারাপ মানের উপজেলাগুলোতে ১০০ জনের মধ্যে ৪৫ জন শিশু স্কুলে যায় না।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এ প্রতিবেদনটি প্রকাশ করেছে।  আজ বুধবার ইউনিসেফের সহযোগিতায় রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। 

প্রতিবেদনে ২০১১ সালের আদমশুমারির তথ্য বিশ্লেষণ করে সামাজিক অসমতার ধরন, অগ্রগতির ক্ষেত্র এবং সামাজিক বঞ্চনার ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে ২০০১ ও ২০১১ সালের আদমশুমারি থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্ত তুলনা করা হয়েছে। এতে ভৌগোলিক অঞ্চল, গ্রাম ও শহর, সম্পদসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে সামাজিক সেবার ক্ষেত্রে নারী ও শিশুরা যেসব বৈষম্যের শিকার, তা তুলে ধরা হয়েছে। এ ছাড়া এতে দেশের উপজেলা স্তর পর্যন্ত এবং ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডভিত্তিক তথ্য তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন বিআইডিএসের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো জুলফিকার আলী।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে বাল্যবিবাহ একটি বড় চ্যালেঞ্জ, কারণ প্রায় এক-তৃতীয়াংশ নারীরই বিয়ে হয় ১৫-১৯ বছর বয়সে, যা সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। ২০০১ সালে বাল্যবিবাহের এ সংখ্যা ছিল ৩৭ দশমিক ৫ শতাংশ যা ২০১১-তে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫ শতাংশে। প্রতিবেদনটি বলছে, নারী শিক্ষার হার যত বাড়ছে, কম বয়সী মেয়েদের বিয়ের হার তত কমছে।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, এ প্রতিবেদনটি নীতিনির্ধারকদের কর্মপরিকল্পনা তৈরিতে সহায়তা করবে। কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে, অগ্রাধিকার দিতে হবে, তা নির্দিষ্ট করতেও এ প্রতিবেদন সহযোগী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, এ প্রতিবেদনে শিশু নির্যাতন, অপুষ্টি এবং প্রতিবন্ধী শিশুদের বিষয়ে তথ্য থাকলে তা নীতিনির্ধারণী পর্যায়ে আরও সহায়ক ভূমিকা রাখতে পারত।

প্রতিবেদন অনুযায়ী, প্রকৃত শিশু শ্রমিকের (১০-১৪ বছর বয়সী এবং স্কুলে যায় না এমন শিশু) সংখ্যা বর্তমানে ৬ শতাংশ। ২০০১-এ ছিল ১০ শতাংশ। ছেলে শিশু শ্রমিকের সংখ্যা বেশি। একইভাবে গ্রামের চেয়ে শহরে এই শ্রমিকদের সংখ্যা বেশি।

আলোচনায় বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ বলেন, সবচেয়ে প্রান্তিক ও বঞ্চিত অঞ্চলে বসবাসকারী শিশুদের অধিকার পূরণ নিশ্চিত করার অঙ্গীকারের জন্যে এই প্রতিবেদন একটি সতর্কবাণী হিসেবে কাজ করবে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক রাশেদা কে চৌধূরী বলেন, সিলেটের অর্থনৈতিক অবস্থা ভালো হলেও বিভিন্ন সামাজিক সূচকে পিছিয়ে আছে। অর্থাত্ সামাজিক সূচক পরিবর্তনে অর্থই বড় কথা নয়। অন্যদিকে জেলাগুলোর মধ্যে হবিগঞ্জ, সুনামগঞ্জ কেন পিছিয়ে আছে, তা তলিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, চট্টগ্রাম ও সিলেটে বাল্যবিবাহের হার কম। মনে করা হয়, ধর্মীয় গোঁড়ামি বাল্যবিবাহের অন্যতম কারণ। সে হিসেবে সিলেট এবং চট্টগ্রামে এ হার বেশি থাকার কথা ছিল। অর্থাত্ এ ক্ষেত্রে অন্য অঞ্চলের বেলায় হয়তো নিরাপত্তার অভাব প্রকট। তাই এ দিকগুলো চিন্তাভাবনায় নিয়ে নতুন এজেন্ডা নির্ধারণের সুযোগ আছে।

সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল, বিআইডিএসের মহাপরিচালক মুস্তফা কে মুজেরী, আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের উপনির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া আলোচনায় অংশ নেন।