২৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি নিয়ে মামলা, পাঠদান বিঘ্নিত
ব্যবস্থাপনা কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার ২৩টি বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান মামলায় জর্জরিত হয়ে পড়েছে। এ কারণে এসব প্রতিষ্ঠানে পাঠদানসহ নানা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে।
গত শনিবার খুর্শেদ এলিনর বিদ্যানিকেতন নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও তাঁর লোকজন তালা ঝুলিয়ে দেন। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমিনা খাতুন ও সভাপতি মুখলেছুর রহমানের মধ্যে মামলার কারণে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তালা খুলে দেয়।
আমিনা খাতুন বলেন, ‘মুখলেছুর রহমান নিজেকে কীভাবে সভাপতি দাবি করছেন তা বোধগম্য নয়।’ মুখলেছুর বলেন, উচ্চ আদালত তাঁর সভাপতি পদের বৈধতা দিয়েছেন। আমিনা খাতুন কীভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হলেন?
নান্দাইল রোড উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম বলেন, তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য পদ নিয়ে মামলা চলছে। এ কারণে পুরো কমিটির কার্যক্রমের ওপর আদালতের স্থিতাবস্থা জারি রয়েছে। শিক্ষক-কর্মচারীদের বেতন ও বিলে সই নিতে তাঁকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর আনতে হয়।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায়, ওই ২টি স্কুলসহ ১০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি নিয়ে মামলা রয়েছে।
নান্দাইলের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইনুল ইসলাম বলেন, ব্যবস্থাপনা কমিটি কার্যকর না থাকলে বিদ্যালয়ে অনেক সমস্যা হয়। শিক্ষার মান ধরে রাখা সম্ভব হয় না।
নান্দাইলের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আলী আফজল খান বলেন, ব্যবস্থাপনা কমিটির কিছু পদ এখন লাভজনক হয়ে পড়েছে। তাই পদ ধরে রাখতে অনেকেই আদালতমুখী হচ্ছেন।
ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী মহিম চন্দ্র (এমসি) স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক এ কে এম জহিরুল ইসলাম বলেন, তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির পুরো মেয়াদ মামলা-মোকদ্দমায় কেটেছে। গত মাস থেকে শিক্ষা বোর্ড অনুমোদিত অস্থায়ী কমিটি দিয়ে বিদ্যালয়ের কাজ চালানো হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, মল্লিকপুর উচ্চবিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ নিয়ে একজন চাকরিপ্রার্থী কমিটির সভাপতি আবু বাহারুল আলমের বিরুদ্ধে মামলা করেন। এ কারণে প্রতিষ্ঠানটিতে চরম অচলাবস্থা বিরাজ করছে।
সভাপতি বলেন, ‘প্রধান শিক্ষক আবুল মোনায়েম মামলাটি করিয়েছেন।’ মোনায়েম বলেন, ‘মামলার বিষয়ে জানি না। তবে ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে।’
ফানুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিয়াউল আলমকে ভুয়া পদত্যাগপত্রের মাধ্যমে অব্যাহতি দিয়ে অন্য এক ব্যক্তিকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জিয়াউল আলম এ ঘটনায় মাদ্রাসার সুপার জমির উদ্দিন খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পাশাপাশি আদালতে মামলা করেছেন। ৪ জানুয়ারি এ অভিযোগ নিয়ে তদন্ত হলেও এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়নি।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায়, ওই ৩টি ছাড়াও আরও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি নিয়ে মামলা রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ সরকার বলেন, আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেগুলোতে অ্যাডহক কমিটি করে কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে।