২৩ বার সমনের পর সাক্ষ্য পুলিশ কর্মকর্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের মামলায় সাক্ষ্য দিতে দুই বছরে ২৩ দফায় সমন দেওয়ার পরও আদালতে হাজির না হওয়া পুলিশ কর্মকর্তা আবুল খায়ের আজ বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন ওই মামলায় হাজির হয়ে এত দিন আদালতে উপস্থিত না হতে পারায় তিনি মৌখিকভাবে ক্ষমা চান। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) সামসুল আলম প্রথম আলোকে বলেন, পুলিশ কর্মকর্তা আবুল খায়ের আজ আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন। তিনি মৌখিকভাবে ক্ষমা চেয়েছেন।
রাজধানী খিলগাঁওয়ের হাজীপাড়া সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার শফিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা জাহিদুল ইসলাম ও তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলমকে আসামি করে ২০০৯ সালের ২২ মে অর্থ আত্মসাতের একটি মামলাটি করেন। এতে ছয় লাখ ৮৪ হাজার ১৭৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ওই বছরের জুলাইয়ে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) এ মামলার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের। পরে তিনি এসআই থেকে পদোন্নতি পেয়ে পরিদর্শক হন এবং বর্তমানে পুলিশ সদর দপ্তরে কর্মরত আছেন বলে পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন শাখা থেকে জানা গেছে।
অর্থ আত্মসাতের এ মামলায় সাক্ষ্য দিতে গত দুই বছরে ২৩ দফায় সমন দেওয়ার পরও আদালতে হাজির হননি আবুল খায়ের। আজ তিনি সাক্ষ্য দিলেন।

আরও পড়ুন