২৩ সেপ্টেম্বর এমবিবিএস ও বিডিএস পরীক্ষা
দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে একযোগে ভর্তি পরীক্ষা হবে আগামী ২৩ সেপ্টেম্বর। এ ছাড়া সরকারি পুরোনো ১৮টি মেডিকেল কলেজের সঙ্গে এ বছর নতুন করে আরও তিনটি মেডিকেল কলেজ যুক্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের হয়রানি কমাতেই একযোগে সরকারি-বেসরকারি সব মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া কিশোরগঞ্জ, সাতক্ষীরা ও কুষ্টিয়ায় নতুন তিনটি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। এ বছর এই মেডিকেল কলেজগুলোতেও ছাত্ররা ভর্তির সুযোগ পাবে।এবার মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু ছাত্রদের ফরম অনলাইনে পাওয়া যাবে এবং তা অনলাইনে জমাও দেওয়া যাবে। ফরম কেনার টাকা পরিশোধ করা যাবে মুঠোফোন টেলিটকের মাধ্যমে।মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন সূত্র জানায়, ছাত্রছাত্রীদের ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা দিতে হবে। এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষায় মোট জিপিএ-৮ পাওয়া ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন।