২৩ হাজার ইয়াবা বড়িসহ আটক ৩
কক্সবাজারের টেকনাফে গতকাল মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৩ হাজার ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে আটক করেছে বিজিবি ও পুলিশ।
টেকনাফের ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে একটি রিকশা থেকে পলিথিনে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করেন। ওই প্যাকেটে ১৭ হাজার ৯২০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে পুলিশ গতকাল সদর ইউনিয়নের গোদারবিলের আবুল কালামের বাড়িতে তল্লাশি চালিয়ে এক হাজার ইয়াবা বড়িসহ দুজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন আবুল কালাম (২২) ও রাশেদ মিয়া (৩০)। অন্যদিকে গতকাল ভোরে পুলিশ টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার আবদুস শুক্কুরের বাড়িতে অভিযান চালিয়ে চার হাজার ইয়াবা বড়িসহ শুক্কুরকে (২৪) আটক করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিদারুল ফেরদৌস বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।