২৩ হাজার ৩০০ স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, চলতি বছরের মধ্যে ২৩ হাজার ৩০০ স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হবে। ফলে শিক্ষার্থীরা শুধু কানেই শুনবে না, চোখেও দেখতে পারবে।
গতকাল রোববার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মধুপুরে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, গতানুগতিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা যাবে না। নতুন প্রজন্মের জন্য চাই বিশ্বমানের শিক্ষা।
জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।