২৩০ কর্মকর্তা-কর্মচারীর ভাগ্য নির্ধারণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত সাবেক উপাচার্য ড. আফতাব আহমাদের সময়ে নিয়োগপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩০ কর্মকর্তা-কর্মচারীর ভাগ্য নির্ধারণ হবে আজ শনিবার। এদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বিকেলে সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হবে। ওই সভা থেকে তাঁদের সাময়িক বরখাস্ত করে চাকরিচ্যুত কেন করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হবে।জানা যায়, ২০০৪ সালে ঘুপচি বিজ্ঞাপনে চাকরি নেওয়ার অভিযোগে এসব কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হচ্ছে। আফতাব আহমাদের সময়ে নিয়োগপ্রাপ্ত আরও প্রায় এক হাজার কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। তবে প্রথম দফায় ২৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ডজনখানেক মামলা থাকায় সিন্ডিকেট এসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ২০০৪ সালে জোট সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব জনবল নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সাংসদ ও আইনজীবী ফজলে রাব্বী মিয়া হাইকোর্টে রিট মামলা করেন। ২০০৬ সালের ২২ আগস্ট সেই মামলাটি খারিজ করে দিয়ে হাইকোর্ট রায় দেন। এর ফলে ওই নিয়োগ প্রকারান্তরে বৈধ হয়ে যায়। ওই মামলাটি নিষ্পত্তি হওয়ার পর নিয়োগসংক্রান্ত আরও কয়েকটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন। এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ২৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়ের আইন শাখার তিন কর্মকর্তার মধ্যে একজনকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে। বাকি দুজন আইন কর্মকর্তা চাকরিচ্যুতির প্রক্রিয়ার মধ্যে আছেন। এর ফলে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে কর্মরত নন এমন একজন আইন উপদেষ্টার কাছে আইনি মতামত চেয়েছেন।এ প্রসঙ্গে জানতে চাইলে আইন উপদেষ্টা ব্যারিস্টার জাফর আহমেদ প্রথম আলোকে বলেন, সামগ্রিকভাবে বলা যায়, এসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি বাধা নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফজলে রাব্বির মামলাটি বেশ জটিল। তবে অন্যান্য মামলার ক্ষেত্রে সংবাদমাধ্যম বা বিভিন্ন উপায়ে যেসব বক্তব্য আসছে তা পুরোপুরি সঠিক নয় এবং কোনো কোনো ক্ষেত্রে রায় সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হচ্ছে।জানা যায়, চাকরিচ্যুতির আশঙ্কায় থাকা কর্মকর্তা-কর্মচারীরা আদালত অবমাননা মামলার হুমকি দিয়ে রেখেছেন। তাঁরা আইনজীবীর সঙ্গে পরামর্শ করে বলছেন, নিয়োগ নিয়ে চলমান এতগুলো মামলা বিচারাধীন থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। একসঙ্গে ২৩০ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম স্থবির হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম, ভর্তি এবং তথ্য প্রযুক্তিবিষয়ক কাজকর্মে এর প্রভাব পড়বে। সাময়িক বরখাস্তের তালিকায় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি শাখার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন। এমনিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অদক্ষতায় পরীক্ষা ও ফলাফলসংক্রান্ত কাজকর্ম চলছে ঢিমেতালে। এক বছরের লেখাপড়া শেষ করতে সময় লাগছে দুই থেকে আড়াই বছর। তার ওপর এই বিপুল সংখ্যক অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হলে তা সামগ্রিক কাজকর্মে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।গাজীপুর-১ আসনের সাংসদ আ.ক.ম মোজাম্মেল হকের হস্তক্ষেপে এসব কর্মকর্তা-কর্মচারী চাকরি হারাচ্ছেন। তিনি গত বছর জাতীয় সংসদে ৭১ বিধিতে একটি মনোযোগ আকর্ষণী নোটিশ আনেন। এরপর বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে তাঁদের চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে সাংসদ মোজাম্মেল হক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তিনি গত ১৩ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে দেওয়া এক চিঠিতে জোট সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের এখনও চাকুরিচ্যুত না করায় ক্ষোভ প্রকাশ করেন। ওই চিঠিতে তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ও দুই সহ-উপাচার্যের বিরুদ্ধে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। সূত্র জানায়, স্পর্শকাতর এই অভিযোগের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিব্রত হয়। তারা সাংসদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে সাংসদ মোজাম্মেল হক সম্প্রতি প্রথম আলোকে বলেন, অভিযোগকারী হিসেবে তিনি চাপ প্রয়োগ করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব রকম উদ্যোগ নেবেন। তিনি আরও বলেন, তদন্তে যেসব অনিয়ম উদ্ঘাটিত হয়েছে প্রকৃত অনিয়ম তার চেয়ে অনেক বেশি।