২৩০ চালকলের অনুমোদন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলার ২৩০টি চালকলের অনুমোদন (লাইসেন্স) বাতিল করা হয়েছে। জেলায় সরকারি খাদ্য সংগ্রহ অভিযানে গুদামে চাল সরবরাহে সরকারের সঙ্গে চুক্তি না করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এরা এখন ধান-চাল কেনার সঙ্গে জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে এসব চালকল-মালিকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁদের অনুমোদন বাতিল করা হয়েছে। গতকাল সোমবার এই চাল সংগ্রহ অভিযান শেষ হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা গেছে, গত ১ মে থেকে দেশব্যাপী সরকারিভাবে খাদ্যগুদামগুলোতে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়। এর আওতায় বগুড়া জেলার ২৩টি সরকারি খাদ্যগুদামে চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮৮ হাজার ৩৩৭ মেট্রিক টন এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয় চার হাজার ৬০০ মেট্রিক টন। ২৯ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ হয়েছে ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ। এ ছাড়া ধান কেনা হয়েছে এক হাজার ৫০০ মেট্রিক টন। প্রতি কেজি চালের দাম ২৫ টাকা এবং ধানের দাম ১৭ টাকা নির্ধারণ করে দিয়ে ধান-চাল সংগ্রহ অভিযান চলতে থাকে। কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা এবং চালকল-মালিকদের কাছ থেকে চাল কেনার জন্য জেলার এক হাজার ২৭৮ জন মালিক চুক্তিবদ্ধ হন। ধান-চাল সংগ্রহ অভিযান চলতে থাকায় বাজারে দাম বেড়ে যায়। এতে গত জুন মাসের শেষের দিকে মালিকেরা চাল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিলে সরকার চালের দাম তিন টাকা করে বাড়িয়ে দেয়।জেলা খাদ্য বিভাগ জানায়, জেলার এক হাজার ২৭৮ জন চালকল-মালিক সরকারের সঙ্গে চাল দেওয়ার জন্য চুক্তি করেন। কিন্তু বাকি ২৩০ জন চুক্তিবদ্ধ না হয়ে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানে অসহযোগিতা করেন। এ কারণে চলতি মাসের শুরুতে একাধিকবার তাঁদের চিঠি দেওয়া হয়।জেলা খাদ্যনিয়ন্ত্রক আনোয়ার হোসেন গতকাল রোববার ২৩০ জন চালকল-মালিকের লাইসেন্স বাতিলের কথা স্বীকার করে বলেন, তাঁদের দু-এক দিনের মধ্যে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।