২৩০ জনের চাকরিচ্যুতি-সংক্রান্ত নোটিশের কার্যকারিতা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩০ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরিচ্যুতির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশের কার্যকারিতা স্থগিত করেছেন। একই সঙ্গে ওই নোটিশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন ও সদস্যসচিব মিয়া হোসেন রানাসহ ছয়জন রিট আবেদন করেন।এ বছরের ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির বিষয়ে কারণ দর্শানোর জন্য নোটিশ দেন। ২০০৪ সালে এসব কর্মকর্তা-কর্মচারী অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান। পরে তাঁদের স্থায়ী করা হয় এবং অর্ধযুগেরও বেশি সময় ধরে তাঁরা চাকরি করছেন। ঘুপচি বিজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পেয়েছেন মর্মে অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে তদন্ত হয়। ওই তদন্তের সূত্র ধরে তাঁদের চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে ভুক্তভোগী ব্যক্তিরা বলছেন, জোট সরকারের সময় নিয়োগ পাওয়ায় তাঁরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯৩ জন শাখা কর্মকর্তা ও সমান পদমর্যাদার ব্যক্তিদের জাতীয় বেতন-কাঠামো অনুসারে সিলেকশন গ্রেড-৭ প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও নাসিরউদ্দিন আহমেদ মামলা পরিচালনা করেন।