২৩০ শিক্ষার্থীর পাশে ম্যাডোনা গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য কিংবা পারিবারিক অবহেলা, কিছুই তাদের দমিয়ে রাখতে পারেনি। সব বাধা-বিঘ্ন কাটিয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে৷
গতকাল সোমবার রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৩০ জন গরিব, মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয় ম্যাডোনা গ্রুপের উদ্যোগে৷ শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ১০ হাজার টাকার চেক ও বই৷
অনুষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার এই উদ্যোগকে অসাধারণ উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, বেসরকারি এ ধরনের উদ্যোগ দেশকে এগিয়ে নিয়ে যাবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, ‘শিক্ষা হচ্ছে পরশপাথর। যাই করো না কেন, শিক্ষাকে অবহেলা করো না। কারণ, ভালো ফলাফলই তোমাদের ভবিষ্যৎ জীবনের পাথেয়।’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ‘বড় হয়ে দেশকে ছেড়ে যেয়ো না, দেশের জন্য কিছু হলেও করার চেষ্টা কোরো।’
বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘ভবিষ্যতে পারলে তোমরা অন্তত একজন গরিব শিক্ষার্থীকে আর্থিক সাহায্য কোরো।’
সাঈদ আজহারের সঞ্চালনায় অনুষ্ঠানে নিজেদের জীবনসংগ্রামের কথা শোনায় শিহাব, সালমা, ইমরান, রেহানাসহ কয়েকজন শিক্ষার্থী।
স্বাগত বক্তব্যে ম্যাডোনা গ্রুপের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা যেভাবে বা যে অবস্থাতেই জীবনযাপন করো না কেন, তোমরা নিজেদের মেধাবী হিসেবে প্রমাণ করেছ। তোমাদের কাছ থেকে দেশ যেন কিছু পায়, ভবিষ্যতে সেটি লক্ষ রাখবে।’
দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।