২৩০টি আসনে আ.লীগের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে দল ও জোটের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ২৩০ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি ৭০ আসন মিত্রদের ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগ ও মহাজোটের জ্যেষ্ঠ নেতারা এক বৈঠকে এ আসন বণ্টন চূড়ান্ত করেন বলে বৈঠক সূত্রে জানা যায়।

সূত্র জানায়, গতকাল রাত থেকেই আওয়ামী লীগের সাত বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে নৌকা প্রতীক পাওয়া প্রার্থীদের হাতে শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি পাঠানো শুরু হয়েছে। এর আগে দলের ও মহাজোটের নেতাদের সঙ্গে বৈঠক করে প্রার্থী তালিকা চূড়ান্ত করেন শেখ হাসিনা।

২৩০টি আসন আওয়ামী লীগের জন্য রেখে বাকি ৭০টি আসন জোট ও মিত্রদের দেওয়ার সিদ্ধান্ত হয়। হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে (জাপা) ৫৯টি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) চারটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে চারটি, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) দুটি এবং তরীকত ফেডারেশনকে একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। জাতীয় পার্টি ছাড়া অন্য দলগুলো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। তবে জাতীয় পার্টি নির্বাচন করবে লাঙ্গল প্রতীক নিয়ে।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে          বৈঠকে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু প্রমুখ।

৪৫০ জন সহসম্পাদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির বিভিন্ন পদে গতকাল আরও বেশ কয়েকজনকে সহসম্পাদক মনোনীত করা হয়েছে। এই নিয়ে তিন দফায় মনোনীত করা সহসম্পাদকদের সংখ্যা দাঁড়াল ৪৫০ জনে।