২৩০০ শিক্ষার্থী, শিক্ষক দুজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক সংকটে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ব্যবস্থাপনা ও প্রাণিবিজ্ঞান বিভাগে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ব্যবস্থাপনা বিভাগে চারজন শিক্ষকের বিপরীতে আছেন মাত্র একজন। একইভাবে প্রাণিবিজ্ঞান বিভাগে পাঁচজন শিক্ষকের বিপরীতে আছেন একজন।কলেজের ব্যবস্থাপনা বিভাগে চারজন শিক্ষকের (সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, সিনিয়র প্রভাষক ও জুনিয়র প্রভাষক) পদ থাকলেও মাত্র একজন শিক্ষক আছেন। তিনি একাই উচ্চ মাধ্যমিক, স্নাতক (সম্মান) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিষয়ের ক্লাস নেন। সব মিলিয়ে তিনি প্রায় এক হাজার ৫০০ শিক্ষার্থীকে পাঠদান করেন। একই অবস্থা প্রাণিবিজ্ঞান বিভাগেও। এ বিভাগে শিক্ষকের পাঁচটি পদের মধ্যে চারটিই শূন্য। একজন সহকারী অধ্যাপক উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষ, সম্মান প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং ডিগ্রি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আট শ শিক্ষার্থীর ক্লাস নেন। প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রিয়াজ ও রনদেব হালদার জানান, শিক্ষক না থাকায় বছরে যে কয়টি ক্লাস হওয়ার কথা তা হয় না। এ কারণে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত অনেক বিষয়ের ওপর পাঠদান করা হয় না। এতে তারা অনেক বিষয়ই বুঝতে পারেন না।কলেজের অধ্যক্ষ সরোজ কুমার দে জানান, কলেজের শিক্ষক সংকটসহ নানা সমস্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রতি মাসে শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানে আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।