২৩৬ জন রক্তদাতাকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমপক্ষে ১০ বার ও সর্বোচ্চ ২৫ বার স্বেচ্ছায় রক্ত দিয়েছেন, এমন ২৩৬ জন ব্যক্তিকে সম্মাননা দিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম।
২৫ বার রক্ত দিয়েছেন এমন ১৬ জনকে গোল্ডেন ক্রেস্ট এবং ১০ বার রক্ত দিয়েছেন এমন ২২০ জনকে সিলভার মেডেল দেওয়া হয়। এ সময় প্রত্যেককে সনদপত্রের সঙ্গে কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়া হয়। এ ছাড়া এক হাজার দুই ব্যাগ রক্তদানের জন্য কেয়া গ্রুপকে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর-উল ইসলাম বলেন, ‘বাংলাদেশে লোকসংখ্যা বাড়ছে, কিন্তু সত্যিকারের মানুষের সংখ্যা কমে যাচ্ছে। যতই দিন যাচ্ছে, ততই আমরা মানবিক চেতনাবোধ হারিয়ে ফেলছি। এর ফলে সমাজের যে রক্তক্ষরণ শুরু হয়েছে, তাতে মানবিক ও সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি না করতে পারলে তা বন্ধ হবে না।’ স্বেচ্ছায় রক্ত দেওয়ার মাধ্যমে দাতারা সমাজে সচেতনতা তৈরি করছেন বলে মন্তব্য করেন আমীর-উল ইসলাম।
বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ, স্বেচ্ছায় রক্তদাতা উম্মে নাঈমা প্রমুখ। সভাপতিত্ব করেন কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী।