২৩৬৭ গেরিলা সদস্যের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া গেরিলা বাহিনীর ২ হাজার ৩৬৭ জন মুক্তিযোদ্ধার তালিকাসংবলিত গেজেট বাতিলের প্রজ্ঞাপন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা প্রকাশের দিন (২০১৩ সালের ২২ জুলাই) থেকে গেরিলা বাহিনীর এসব সদস্যের প্রাপ্য মর্যাদা, সম্মান ও সুযোগ-সুবিধা দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ওই প্রজ্ঞাপন অবৈধ ঘোষিত হওয়ার মধ্য দিয়ে ২ হাজার ৩৬৭ জন মুক্তিযোদ্ধার তালিকাসংবলিত গেজেট বহাল রইল।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ২০১৩ সালের ২২ জুলাই এক প্রজ্ঞাপনে গেরিলা বাহিনীর ২ হাজার ৩৬৭ জন মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করে। গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য কমরেড মণি সিংহ ও অধ্যাপক মোজাফ্ফর আহমদের নাম ছিল এতে। তবে কোনো কারণ দর্শানো ছাড়াই ২০১৪ সালের ২৯ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই তালিকাসংবলিত প্রকাশিত গেজেটটি বাতিল করা হয়।

ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর ওই তালিকা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৪ সালের ১১ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন পঙ্কজ ভট্টাচার্য।
রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৯ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দেন। রুলে তালিকা বাতিলের ওই প্রজ্ঞাপন কেন আইনগত।কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি তালিকা বাতিলের ২০১৪ সালের ২৯ অক্টোবরের প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেন। এতে আবেদনকারী হিসেবে পক্ষভুক্ত হন আরও ৩৩ জন মুক্তিযোদ্ধা। ৫ সেপ্টেম্বর রুলের ওপর শুনানি শেষে হাইকোর্ট ৮ সেপ্টেম্বর রায়ের দিন ধার্য করেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, জাহিদুল বারি ও তবারক হোসাইন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পক্ষে ছিলেন আইনজীবী শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক।পরে সুব্রত চৌধুরী প্রথম আলোকে বলেন, গেরিলা বাহিনীর তালিকা বাতিলের প্রজ্ঞাপনটি অবৈধ ঘোষণা করেছেন আদালত। ফলে ২০১৩ সালের ২২ জুলাই গেরিলা বাহিনীর যে তালিকা করা হয়েছিল, তা বহাল রইল। ওই দিন থেকে এসব মুক্তিযোদ্ধাকে প্রাপ্য মর্যাদা, সম্মান ও সুযোগ-সুবিধাদি দিতে বলেছেন আদালত।