২৩৯ কোটি টাকা উৎসে কর জমা দিয়েছে গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়ন ফি এবং স্পেকট্রাম চার্জের উৎসে কর হিসেবে ২৩৯ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে গ্রামীণফোন। গতকাল মঙ্গলবার বিকেলে এ অর্থ জমা দেয় দেশের বৃহত্তম এই মোবাইল ফোন অপারেটর।গত রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক তাগাদাপত্রের পরিপ্রেক্ষিতে এ অর্থ জমা দিয়েছে গ্রামীণফোন।বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) সূত্রে জানা গেছে, তাগাদাপত্রে এনবিআর বলেছিল, পাওনা টাকা না দিলে গ্রামীণফোনের ব্যাংক হিসাব জব্দ করে সেখান থেকে পাওনা অর্থ কেটে রাখা হবে।গত বছরের ১৭ অক্টোবর টুজি লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম বরাদ্দ ফি বাবদ গ্রামীণফোনকে তিন হাজার ৬২৪ কোটি টাকা পরিশোধ করতে চিঠি দেয় বিটিআরসি। গ্রামীণফোন উৎসে কর বাবদ ২৩৯ কোটি টাকা কেটে রেখে বাকি অর্থ জমা দেয়। লাইসেন্স নবায়নের অপেক্ষায় থাকা অন্য অপারেটররাও একই কাজ করে।এ বিষয়ে গ্রামীণফোনের করপোরেট-কমিউনিকেশন বিভাগের প্রধান সৈয়দ তাহমিদ আজিজুল হক জানান, এনবিআরের চিঠির পরিপ্রেক্ষিতে গ্রামীণফোন ২৩৯ কোটি ৭৩ লাখ টাকা জমা দিয়েছে। বাকি পাওনা যদি আদালতের রায়ে দিতে বলা হয়, তবে সেটাও পরে দেওয়া হবে।