২৪ অক্টোবর জমা দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আগামী ২৪ অক্টোবর জমা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার এ নির্দেশ দেন। জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গত রোববার কায়সারের বিরুদ্ধে ১৬টি অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেয়।
তদন্ত প্রতিবেদন অনুসারে, একাত্তরে মুক্তিযুদ্ধকালে তৎকালীন হবিগঞ্জ মহকুমার শান্তি কমিটির সদস্য ও রাজাকার কমান্ডার সৈয়দ মো. কায়সার পাঁচ শতাধিক স্বাধীনতাবিরোধীকে নিয়ে ‘কায়সার বাহিনী’ গঠন করে পাকিস্তানি সেনাদের অপকর্মে সহায়তা করেন। তিনিই ছিলেন ‘কায়সার বাহিনী’র প্রধান। মুক্তিযুদ্ধ শেষে আত্মগোপন করলেও ১৯৭৮ সালে তিনি প্রকাশ্য রাজনীতিতে ফেরেন এবং ১৯৭৯ সালের নির্বাচনে সিলেট-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে তিনি বিএনপিতে যোগ দেন এবং হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হন। পরে তিনি সাবেক স্বৈরশাসক এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং ১৯৮৮ সালে হবিগঞ্জ-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। ওই সময় তিনি কৃষি প্রতিমন্ত্রী ছিলেন।