২৪ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বগুড়া থেকে আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে বগুড়া সার্কিট হাউসে ১৮-দলীয় জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়া বৈঠক করেন।
জোটের নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া বলেন, ‘আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আমরা অপেক্ষা করব। এ সময়ের মধ্যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নিলে ২৫ অক্টোবর থেকে কঠোর আন্দোলন শুরু করা হবে।’ জোটগতভাবে সারা দেশে আন্দোলন জোরদার করার জন্য তিনি উপস্থিত নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘বর্তমান সরকারের অধীনে ১৮-দলীয় জোট নির্বাচনে যাবে না। এমনকি একতরফা কোনো নির্বাচন এ দেশে হতেও দেওয়া হবে না।’
দুপুর পৌনে ১২টায় শুরু হওয়া এই সংক্ষিপ্ত বৈঠকে জামায়াতের নেতারা খালেদা জিয়াকে জানান, বগুড়ায় তাঁদের হাজারেরও বেশি নেতা-কর্মী জেলহাজতে রয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়েছে। খালেদা জিয়া আইনগতভাবে এসব মামলা মোকাবিলা করার পরার্মশ দেন।
বৈঠক শেষে খালেদা জিয়া বগুড়া সার্কিট হাউস থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হন। দুপুর সোয়া ১২টার দিকে তাঁর গাড়িবহর বগুড়া সার্কিট হাউস ত্যাগ করে। এ সময় হাজার হাজার নেতা-কর্মী সার্কিট হাউসের সামনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি হাত নেড়ে দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান।

খালেদা জিয়াকে একনজর দেখার জন্য সকাল থেকেই রাস্তার দুই ধারে হাজার-হাজার নারী-পুরুষ অপেক্ষা করতে থাকেন। তাঁর গাড়িবহর শহর অতিক্রম করার সময় মানুষ ফুল ছিটিয়ে তাঁকে বিদায় জানায়।

বিরোধীদলীয় নেতা বগুড়া থেকে নওগাঁ হয়ে রাজশাহী যাওয়ার পথে নওগাঁয় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।