জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমরা এখনো মহাজোট ছাড়িনি। তবে মহাজোটে থাকা না-থাকার বিষয়টি ২৪ অক্টোবরের পর আমাদের অবস্থান পরিষ্কার করব। জাতীয় পার্টি ওই সময় কী করবে, দলের সর্বোচ্চ ফোরাম সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
গতকাল রোববার রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বাজারে এক পথসভায় এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘বৃহত্তর রংপুরের ২২টি আসনে মনোনয়ন নিয়ে গত নির্বাচনে মহাজোটের সঙ্গে মনোমালিন্য হয়েছে। এর ফলে আমরা অনেক আসন হারিয়েছি। আগামী নির্বাচনে এই ২২ আসনে কাউকে ছাড় দেওয়া হবে না। এবার সব আসন আমরা ছিনিয়ে আনব।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘প্রয়োজনে আমরা এককভাবে নির্বাচন করব। জাতীয় পার্টি আর কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।’ তিনি বলেন, দুই নেত্রীর হাতে দেশ আজ জিম্মি হয়ে পড়েছে। তাঁদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। দুই নেত্রীর রাহুগ্রাস থেকে মানুষ মুক্তি চায়।
নির্বাচনপদ্ধতির রূপরেখা প্রসঙ্গে এরশাদ দাবি করেন, এই রূপরেখা বাস্তবায়ন করা হলে সব দলই নির্বাচনে অংশ নেবে।
মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফখরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মসিউর রহমান।