২৪ অক্টোবরের পর বিএনপি কিছু করতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি যতই হুংকার দিক না কেন, ২৪ অক্টোবরের পর বিএনপি কোথাও কিছু করতে পারবে না।’
গতকাল শনিবার সন্ধ্যায় ভোলা নতুন বাজার কবি মোজাম্মেল হক টাউন হলে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন। এ সময় তিনি ভোলা-১ (ভোলা সদর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ারও ঘোষণা দেন।
তোফায়েল আহমেদ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনারা তো মনে করেন, বিএনপির জনপ্রিয়তা বেশি। তা হলে নির্বাচন কেন করবেন না? পৃথিবীর সব দেশে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়।’
তোফায়েল আহমেদ বলেন, ‘২৪ অক্টোবর সংসদ অধিবেশন শেষ হবে না, নির্বাচনী শিডিউল ঘোষণা পর্যন্ত অধিবেশন চলবে। সংবিধানে আছে, আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। অধিবেশন চলতে বাধা নেই।’
ভোলা জেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, ভোলার পৌর মেয়র মো. মনিরুজ্জামান, সদর আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।