২৪ অক্টোবরের পর রাজপথে নামুন: রফিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল ইসলাম মিয়া
রফিকুল ইসলাম মিয়া

সংবিধান অনুযায়ী ২৪ অক্টোবরের পর সংসদ অধিবেশন চালানোর সুযোগ নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। নির্দলীয় সরকারের দাবি আদায়ে ওই দিনের পর নেতা-কর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া এ আহ্বান জানান। ‘ফ্রি থিংকারস ফোরাম’ নামের একটি সংগঠন ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন: প্রতিবেশী দেশসমূহের অভিজ্ঞতা’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।
রফিকুল ইসলাম মিয়া বলেন, শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে দাবি আদায় করা যাবে না। শেখ হাসিনার সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হলে সবাইকে রাজপথে নেমে আসতে হবে। নির্দলীয় সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ারও আহ্বান জানান তিনি।
সংবিধানের ১২৩(৩) ক ও খ-এর ব্যাখ্যা করে এই আইনজীবী বলেন, কোনো অবস্থাতেই ২৪ অক্টোবরের পর সংসদ চালানোর সুযোগ নেই। কিন্তু সরকার সংসদ চালানোর কথা বলছে। ২৪ অক্টোবরের পর সংসদ অধিবেশন চালানো হলে তা সংবিধানের লঙ্ঘন হবে বলে তিনি দাবি করেন।
সভায় অন্যদের মধ্যে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী প্রমুখ আলোচনায় অংশ নেন।