২৪ অক্টোবরের পর সংসদ চালু রাখার সুযোগ নেই: জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান অনুযায়ী ২৪ অক্টোবরের পরের সময় হলো নির্বাচন করার সময়। এ সময় সংসদের অধিবেশন চালু রাখার কোনো সুযোগ নেই বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল রোববার এক বিবৃতিতে এসব কথা বলেন।
২৪ অক্টোবরের পরেও সংসদ ভেঙে না দিয়ে অধিবেশন চালু রাখার ‘ষড়যন্ত্র’ ও ঈদুল আজহার আগে বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের কর্মীদের গ্রেপ্তার অভিযানের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ২৪ অক্টোবরের পরে বর্তমান সংসদ ও সরকারের কোনো বৈধতা থাকবে না। সরকার ২৪ অক্টোবরের পরেও সংসদের অধিবেশন চালু রাখার যে ষড়যন্ত্র করছে, দেশের মানুষ তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবে।