২৪ অক্টোবরের পরও সংসদ চালানোর ষড়যন্ত্র হচ্ছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলন ঠেকাতে ও জনগণকে বিভ্রান্ত করতে ২৪ অক্টোবরের পরও জাতীয় সংসদ অধিবেশন চালানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ অভিযোগ করেন। তিনি বলেন, এ সংসদের চলতি অধিবেশন শুরু হওয়ার আগে সিদ্ধান্ত হয়েছিল ২৪ অক্টোবর পর্যন্ত সংসদ চলবে। কিন্তু চলতি অধিবেশন মুলতবি হওয়ার দুই দিন আগে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ সদস্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর আহ্বান জানিয়েছেন।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের ওই প্রস্তাবের নিন্দা জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বুঝতে পারছি না হঠাৎ কোন ষড়যন্ত্রের কারণে সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ানোর কথা বলা হচ্ছে।’
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান সংবিধানে আবার সংযোজন করে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, ‘২৩ অক্টোবর সংসদ অধিবেশন বসবে। আশা করি, আওয়ামী লীগ অতীতে যেভাবে পাঁচ মিনিটে একদলীয় শাসনব্যবস্থা পাস করেছে, সেভাবে নির্দলীয় সরকারের বিল পাস করার উদ্যোগ নেবে।’
২৪ অক্টোবরের পরও সংসদ অধিবেশন চালানো হলে বিএনপি সংসদ থেকে পদত্যাগ করবে কি না, এ প্রশ্নের জবাবে জয়নুল আবদিন ফারুক বলেন, সে বিষয়ে দল পরে সিদ্ধান্ত নেবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন, আবুল খায়ের ভূঞা, রেহানা আক্তার, সৈয়দা আসিফা আশরাফি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপিকে দুর্বল করতে বিএনএফ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপিকে দুর্বল করতে বিএনএফ নামে একটি দলকে নিবন্ধন দেওয়ার ষড়যন্ত্র চলছে। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ দাবি করেন, বিভিন্ন পত্র-পত্রিকার জরিপ অনুযায়ী তারেক রহমান এখন আর তরুণদের নন, তিনি এখন দেশের অহংকার।