২৪ আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে ২৪ আগস্ট থেকে। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ এ দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে জানান, গতকাল উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের অনুলিপি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এসে পৌঁছায়। পরে বিচারক সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, হিমাদ্রী হত্যা মামলাটি চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। জুলাই মাসের শেষের দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় বিচারের জন্য। এ অবস্থায় মামলার কার্যক্রম ছয় মাসের স্থগিতাদেশের একটি আদেশ আসে উচ্চ আদালত থেকে। আসামি শাহাদাত হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত গত ২১ জুলাই এ আদেশ দেন। পরে ৭ আগস্ট এ স্থগিতাদেশ প্রত্যাহার হয়। এ আদেশের অনুলিপি ১৮ আগস্ট চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এসে পৌঁছায়। সেখান থেকে তা গতকাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এঁদের মধ্যে মাহাবুব আলী খান ড্যানি ও জুনায়েদ রিয়াদ পলাতক রয়েছেন। চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ মামলায় মোট ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।