২৪ আগস্টের মধ্যে রায় বাতিল করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায় ২৪ আগস্টের মধ্যে বাতিলের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। তা না হলে প্রধান বিচারপতিকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

গতকাল রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে তারা এ দাবি জানিয়েছে। ‘রায়ে অপ্রাসঙ্গিক ও অসাংবিধানিক বক্তব্যে সংক্ষুব্ধ আইনজীবীদের’ নিয়ে সংগঠনটি এই সমাবেশের আয়োজন করে। দাবি আদায়ে কাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করবে তারা।

সমাবেশে পরিষদের সদস্যসচিব ও সাংসদ ফজলে নূর তাপস বলেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে রায়ে অপ্রাসঙ্গিক যে বক্তব্যগুলো রাখা হয়েছে, সেগুলো সুয়োমোটো এক্সপাঞ্জসহ (স্বতঃপ্রণোদিত হয়ে প্রত্যাহার) পুরো রায়টি বাতিলের দাবি করছি। আগামী ২৪ তারিখ কোর্ট বন্ধ হয়ে যাবে। এর মধ্যে দাবি না মানলে ছুটির পর বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।’

আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, রায়ের পর্যবেক্ষণে বঙ্গবন্ধু ও সংসদ সদস্যদের নিয়ে যা বলা হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। শুধু এক্সপাঞ্জই নয়, পুরো রায় বাতিল করতে হবে। জনগণের সার্বভৌমত্ব জাতীয় সংসদের জায়গাটাকে কেউ হাতে নিতে পারবেন না।

সংগঠনের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাস করি। এ জন্য কর্মসূচি দিয়েছি। রায়ে অপ্রাসঙ্গিক বক্তব্য পুরোপুরি প্রত্যাহার করতে হবে।’

সমাবেশে অন্যদের মধ্যে মমতাজ উদ্দীন আহমেদ, সাংসদ সানজিদা খানম, শেখ আসাদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।