ক্ষতিপূরণসহ দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং ২৪ এপ্রিল শোক ও নিরাপত্তা দিবস হিসেবে পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণার দাবিতে গতকাল মঙ্গলবার সাভারের ধসে যাওয়া রানা প্লাজার সামনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এসব কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ধসে পড়া ভবনের সামনে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার, সংগঠনের কেন্দ্রীয় নেতা আবু শামা, সাভার অঞ্চলের নেতা আলম মাতব্বর ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বাবু মিয়া।
তাসলিমা আখতার বলেন, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারসহ দেশের সব পোশাকশ্রমিকই আশা করেছিলেন, সরকার ২৪ এপ্রিল শ্রমিক নিরাপত্তা দিবস ও শোক দিবস হিসেবে সব কারখানার জন্য ছুটি ঘোষণা করবে। সেই সুযোগে নিহতদের স্মরণ করার মধ্য দিয়ে দিনটি বিশেষভাবে পালন করতে পারবেন শ্রমিকেরা। কিন্তু দুই বছরেও সেই ঘোষণা আসেনি।
তাসলিমা আখতার আরও বলেন, ভবনধসের দুই বছর পার হতে চললেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এখনো যথাযথ ক্ষতিপূরণ পাননি। গ্লোবাল ট্রাস্ট ফান্ড ও প্রাইমার্কের পক্ষ থেকে যে পদ্ধতিতে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, তা কোনো ক্ষতিপূরণ নয়, অনুদান। ওই অনুদানের টাকা আইএলওর ১২১ ধারা অনুযায়ী হতাহত ও নিখোঁজদের পরিবারের মধ্যে দেওয়া হলেও এখানে প্রচুর অস্পষ্টতা ও বৈষম্য রয়েছে। তা ছাড়া প্রধানমন্ত্রীর দপ্তরে ক্ষতিগ্রস্তদের জন্য ১২৭ কোটি টাকার যে অনুদান জমা হয়েছিল আজ পর্যন্ত তার সঠিক হিসাব পাওয়া যায়নি।
সমাবেশ শেষে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।