ঈদ উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটপ্রত্যাশীদের মধ্যে ২৪ ও ২৭ জুলাইয়ের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকায় এই দুই দিনের টিকিটের সংকট দেখা দিয়েছে। পরিবহন কোম্পানিগুলো বলছে, প্রথম দিনে এই দুই দিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকায় এ সংকট। গতকাল মঙ্গলবার বাসের কাউন্টারগুলোতে অগ্রিম টিকিটপ্রত্যাশীদের ভিড়ও তুলনামূলকভাবে কম ছিল। পরিবহন কর্তৃপক্ষের ভাষ্য, বেশির ভাগ মানুষ প্রথম দিনেই টিকিট সংগ্রহ করায় ভিড় কমেছে।
গতকাল অগ্রিম টিকিট ছাড়ার দ্বিতীয় দিনে রাজধানীর গাবতলী, টেকনিক্যাল, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী ও কলেজ গেটের বিভিন্ন বাস কোম্পানির কাউন্টার ঘুরে দেখা গেছে, সেখানে প্রথম দিনের মতো মানুষের দীর্ঘ সারি নেই। তবে যাঁরাই ছিলেন, তাঁদের মধ্যে ২৪ ও ২৭ জুলাইয়ের টিকিট না-পাওয়া নিয়ে হা-হুতাশ ছিল।
সকাল সাড়ে ১০টায় গাবতলীর নাবিল পরিবহন কাউন্টারের সামনে কথা হয় বেসরকারি চাকরিজীবী মাজেদুল হকের সঙ্গে। তিনি জানান, ব্যস্ততার কারণে অগ্রিম টিকিট ছাড়ার প্রথম দিনে কাউন্টারে আসতে পারেননি। এখন তিনি ২৪ জুলাইয়ের কোনো টিকিট পাচ্ছেন না।
একই স্থানে আসা আফসানা হক জানান, তিনি রাজশাহীর ২৪ ও ২৭ জুলাইয়ের টিকিট খুঁজছিলেন। কিন্তু কয়েকটি প্রতিষ্ঠানের কাউন্টার ঘুরে কোথাও এই দুই দিনের টিকিট পেলেন না। তাই বাধ্য হয়ে ২৮ জুলাই সকালের টিকিট কিনেছেন।
শ্যামলী পরিবহনের ব্যবস্থাপক মন্টু কুমার ঘোষ বলেন, যাঁরা কাঙ্ক্ষিত দিনের অগ্রিম টিকিট চেয়েছিলেন, তাঁদের একটি বড় অংশ প্রথম দিনেই তা সংগ্রহ করেছেন। এ জন্য প্রথম দিনেই ভিড় ছিল বেশি। এ ছাড়া প্রায় সব গন্তব্যেই ২৪ ও ২৭ জুলাইয়ের টিকিটের চাহিদা বেশি থাকায় এই দুই দিনের টিকিটের অভাব রয়েছে।
দীর্ঘ লাইনে টিকিট কিনতে ভোগান্তির কথা বলতে গিয়ে কয়েকজন যাত্রী তাগিদ দিয়ে বললেন, এখন বাস কোম্পানিগুলো অনলাইনে টিকিট বিক্রি করতে পারে। এতে ভোগান্তি কিছুটা হলেও কমবে। তবে সোহাগ, ঈগলসহ কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যে অনলাইনে (নিজস্ব সার্ভারের মাধ্যমে) টিকিট বিক্রি করছে। কল্যাণপুরে কথা হয় সোহাগ পরিবহনের কাউন্টারের ব্যবস্থাপক সাইফুজ্জামানের সঙ্গে। তিনি জানান, তাঁরা অগ্রিম টিকিট বিক্রি করছেন, কিন্তু তাঁদের কাউন্টারে কোনো ভিড় নেই। কারণ, রাজধানীতে ২৪টি কাউন্টার থেকে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। অনলাইনে দেওয়ার কারণে প্রতিটি কাউন্টারের কর্মীরা দেখতে পারছেন কোন বাসের কতটি টিকিট বিক্রি হয়েছে। এ ছাড়া ফিরতি টিকিটও ঢাকায় বসেই দিতে পারছেন তাঁরা।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব বাস ও মিনিবাসের মালিকের প্রতি ঈদে অতিরিক্ত ভাড়া আদায় না করার আহ্বান জানিয়েছে ঢাকা বাস-ট্রাক ওনার্স গ্রুপ।