
সংস্কারের অভাবে নড়াইলের কালিয়া-চাপাইল-গোপালগঞ্জ সড়কের কালিয়া থেকে চাপাইল পর্যন্ত ২৪ কিলোমিটার অংশে ছোট-বড় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে কালিয়া ও লোহাগড়া উপজেলার ৬৮টি গ্রামের প্রায় আড়াই লাখ মানুষকে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কালিয়া উপজেলা কার্যালয় সূত্র জানায়, কালিয়া-গোপালগঞ্জ ভায়া চাপাইল সড়কটি ২০১২ সালে সর্বশেষ সংস্কার করা হয়। এরপর অর্থ বরাদ্দ না পাওয়ায় সড়কটি আর সংস্কার করা হয়নি। ফলে বর্তমানে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, কালিয়ার কলেজ মোড় বাসস্ট্যান্ড থেকে চাপাইল মধুমতী নদীর তীর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ফাটল রয়েছে। বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। নলামারা গ্রামে বেশ কয়েকটি বড় গর্ত রয়েছে। সরসপুর, যোগানিয়া, বাঐসোনা, পহরডাংগা এলাকার অবস্থাও একই রকম।
নলামারা এলাকার স্কুলশিক্ষক গৌতম দাস বলেন, এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ঈদের আগের দিন গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস গর্তে আটকে যায়। পরে কোদাল দিয়ে গর্ত কেটে সমান করে লোকজন বাসটি তোলে। পাশের বাড়ি থেকে ইট এনে গর্তটি ভরাট করা হয়।
বাসচালক রোস্তম শেখ বলেন, রাস্তাটি যখন ভালো ছিল, তখন কালিয়া থেকে চাপাইল যেতে ৪৫ মিনিট সময় লাগত। এখন সেখানে প্রায় দুই ঘণ্টা লাগে।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্র ইলিয়াছ হোসেনসহ এলাকার কয়েকজন বলেন, সড়কটি কালিয়া থেকে গোপালগঞ্জ শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ। এটি দিয়ে লোহাগড়ার দিঘলিয়া, মল্লিকপুর, কোটাকোল, কালিয়ার মাউলি, খালিয়াল, বাঐসোনা, জয়নগর, কলাবাড়িয়া, বড়নাল-ইলিয়াছাবাদ, সালামাবাদ ইউনিয়নসহ কালিয়া পৌরসভার প্রায় আড়াই লাখ মানুষ চলাচল করে। আগে সড়কটি দিয়ে কৃষকেরা নছিমন ও ট্রাকে করে ফসল গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। সড়ক খারাপ থাকায় এসব পণ্য এখন লোহাগড়া উপজেলা শহর ও কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হয়ে বিভিন্ন স্থানে নিয়ে যেতে হচ্ছে।
কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমরুল কায়েস বলেন, সড়কটি সংস্কারে এলজিইডি কার্যালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু কাজ হয়নি।
কালিয়া এলজিইডির প্রকৌশলী সৈয়দ নাঈম মাহামুদ বলেন, যানবাহন চলাচলের জন্য সড়কটির বিভিন্ন স্থানে ঈদের আগে ইট, বালু ও খোয়া দেওয়া হয়। ২০১৬-১৭ অর্থবছরে সড়কের দুপাশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ জন্য ২০১৫-১৬ অর্থবছরে ১৮ লাখ টাকা ব্যয়ে সড়কের দুপাশে মাটি ফেলা হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে সড়ক মেরামতের কাজ শুরু করা যাবে।