বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আসাদুজ্জামান রাজস্ব ফাঁকি দিয়ে ২৪ কোটি টাকা নিজেরা আত্মসাতের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিনি জবানবন্দি দেন।মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ তাঁর খাস কামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসাদুজ্জামানের জবানবন্দি লিপিবদ্ধ করেন। আদালত জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে পৃথক একটি দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন বিটিসিএলের প্রকৌশলী মোহাম্মদ তৌফিক।আদালত সূত্র জানায়, আসাদুজ্জামান জবানবন্দিতে ক্ষমতার অপব্যবহার করে সিঙ্গাপুরের একটি কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার কথাও স্বীকার করেন। জবানবন্দিতে তিনি বলেন, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম, আবু সাঈদ খান ও প্রকৌশলী মোহাম্মদ তৌফিক ও তিনিসহ কয়েকজন কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ভিওআইপির মাধ্যমে বৈদেশিক কল টারমিনেশন করে বিটিসিএলের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে নিজেরা আত্মসাৎ করেন। এ ছাড়া তাঁরা ভুয়া ব্যাংক গ্যারান্টির মাধ্যমে বিটিসিএলের স্বার্থবিরোধী চুক্তি স্বাক্ষর, বৈদেশিক ক্যারিয়ারের ভুয়া লোকাল এজেন্টের মাধ্যমে বিটিসিএলের কোটি কোটি টাকা হাতিয়ে নেন।গত ১৩ ডিসেম্বর রাজধানীর গুলশানে টেলিটকের প্লানিং বিভাগের কার্যালয় থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পরদিন দুটি মামলায় তাঁর আট দিন করে মোট ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একটি মামলায় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে ২৪ কোটি ৩৯ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাৎ এবং অপর মামলায় ২৩ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী থাকাকালে আসাদুজ্জামানের বিরুদ্ধে ভিওআইপি দুর্নীতির অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। আন্তর্জাতিক কল থেকে ২০৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ৫ নভেম্বর রমনা থানায় আসাদুজ্জামানসহ কয়েকজনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা করে দুদক। মামলাগুলো তদন্তাধীন। এর আগে আরও একটি মামলায় আসাদুজ্জামান জবানবন্দি দেন।তৌফিকের জামিন: বিটিসিএলের কেন্দ্রীয় সদস্য (রক্ষণাবেক্ষণ ও চালনা) প্রকৌশলী মোহাম্মদ তৌফিক গত ২৯ নভেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত থেকে জামিন পেয়েছেন। আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, ২৯ নভেম্বর মোহাম্মদ তৌফিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।