২৪ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মেলেনি পছন্দের টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলাপুর রেলস্টেশনে গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে টিকিটের লাইন  ছবি : সাজিদ হোসেন
কমলাপুর রেলস্টেশনে গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে টিকিটের লাইন ছবি : সাজিদ হোসেন

‘গতকাল সকাল সাড়ে নয়টায় এসেছি। প্রায় ২৪ ঘণ্টা অপেক্ষার পর টিকিট পাইলাম। কিন্তু কোনো কেবিন বা এসি প্রথম শ্রেণীর টিকিট পাইনি। এগুলো নাকি ভিআইপিদের জন্য বরাদ্দ। তাই বাধ্য হয়ে শোভন চেয়ারের টিকিট নিলাম।’
আজ সকাল নয়টার পর ঢাকার কমলাপুর রেলস্টেশনে ৭ নম্বর টিকিট কাউন্টারে লাইনের প্রথমে থাকা রাজু হামিদ এ কথা বলেন।
রাজু হামিদ অভিযোগ করেন, ‘আমি সিরিয়ালে প্রথমে ছিলাম, তাও কাঙ্ক্ষিত টিকিট পেলাম না। তাহলে টিকিটগুলো গেল কোথায়?’
কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার অভিযোগ কেবল রাজু হামিদের নয়, এমন অভিযোগ ট্রেন স্টেশনে টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকা আরও অনেকেরই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিনের ভাষ্য, গতকাল ইফতারের পর স্টেশনে এসেছেন তিনি। সারা রাত স্টেশনেই কাটিয়েছেন। গাইবান্ধা যাবেন। তিনি শোভন চেয়ারের টিকিট চাইলেও আসন খালি না থাকায় শোভন সাধারণ শ্রেণীর টিকিট নিতে হয়েছে।
গতকাল বেলা দুইটা থেকে টিকিটের অপেক্ষায় থাকা বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক আতাউর রহমান অভিযোগ করেন, ‘আমি সিরিয়ালে ৯ নম্বরে ছিলাম। এসি টিকিট নিতে এসেছি। কাউন্টার থেকে জানাল, সব শেষ হয়ে গেছে। তাই শোভন চেয়ারের টিকিট নিলাম।’

আজগর আলী, কাওসারসহ আরও অনেকে কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার অভিযোগ করেন।

শুরুতেই কেবিন ও প্রথম শ্রেণীর টিকিট শেষ হওয়ার ব্যাপারে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক খায়রুল বশিরের ভাষ্য, প্রতিটি ট্রেনে একটি করে কেবিন ও এসি প্রথম শ্রেণীর কোচ থাকে। এ ক্ষেত্রে ২৫ শতাংশ এসএমএস ও ই-টিকিট, ৫ শতাংশ ভিআইপি ও ৫ শতাংশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ থাকে। বাকি ৬৫ শতাংশ টিকিট সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ। এ ক্ষেত্রে একসঙ্গে বিভিন্ন কাউন্টার থেকে টিকিট দেওয়ায় কোনো কোনো কাউন্টারে টিকিট-স্বল্পতা দেখা দিতে পারে।

খায়রুল বশীর জানান, যাত্রী পরিবহনে সুবিধার্থে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় সব কয়টি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হচ্ছে। এ ছাড়া ঈদ উপলক্ষে ঢাকা-পার্বতীপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-খুলনা রেলপথে অতিরিক্ত তিনটি ট্রেন সংযোজন করা হয়েছে। এগুলো ঈদের তিন দিন আগে থেকে শুরু হয়ে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরদিন থেকে শুরু হয়ে ঢাকা-পার্বতীপুর পাঁচ দিন এবং ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-খুলনা সাত দিন চলবে।

কমলাপুর রেল স্টেশনে টিকিট পেয়ে উল্লাস    ছবি : সাজিদ হোসেন
কমলাপুর রেল স্টেশনে টিকিট পেয়ে উল্লাস ছবি : সাজিদ হোসেন


মহাপরিচালকের স্টেশন পরিদর্শন: বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের আজ সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে আসেন। তিনি অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় প্রথম শ্রেণীর আসন শেষ হওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘কেবিন ও এসি প্রথম শ্রেণীর টিকিট সীমিত হওয়ায় কিছুটা সমস্যা হতে পারে। তবে এত দ্রুত শেষ হওয়ার কথা নয়।’ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি।
অগ্রিম টিকিট: কমলাপুর স্টেশন সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে আন্তনগর ও ঈদ-স্পেশাল ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। ৩০ জুলাই পর্যন্ত এই টিকিট বিক্রি চলবে। আজ ৪ আগস্টের টিকিট দেওয়া হয়। এ ছাড়া আগামীকাল ৫ আগস্টের, ২৮ জুলাই ৬ আগস্টের, ২৯ জুলাই ৭ আগস্টের এবং ৩০ জুলাই ৮ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে।
টিকিট দিতে ধীর গতি: কাউন্টার থেকে ধীর গতিতে টিকিট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন লাইনে অপেক্ষমাণ অনেকে। লিমন জানান, লাইনে দাঁড়ানোর পর স্টেশন থেকে একটি চাহিদাপত্র দেওয়া হচ্ছে। এতে যাত্রীর তথ্য লিখে টিকিট কাটার সময় কাউন্টারে জমা দিতে হচ্ছে। এর পরও টিকিট দিতে অনেক দেরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে স্টেশন ব্যবস্থাপক খায়রুল বশীর বলেন, একটি টিকিট দিতে বেশ কিছু প্রক্রিয়া শেষ করতে হয়। তাই একটু সময় লাগতেই পারে।

আলাদা নারী কাউন্টার: কমলাপুর রেলস্টেশনে নারীদের অগ্রিম টিকিট দেওয়ার জন্য একটি আলাদা কাউন্টার খোলা হয়েছে। নারী কাউন্টারে সকালে কিছুটা ভিড় লক্ষ করা গেলেও বেলা ১১টার দিকে ফাঁকা হয়ে যায়। সকাল সাড়ে নয়টার দিকে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে সন্তোষ প্রকাশ করেন নুরজাহান বেগম। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঈদের সময় বাসে চট্টগ্রাম যেতে যানজটের কারণে অনেক সময় লাগে। তাই ট্রেনের টিকিট নিলাম।’

মানুষের চাপ কম: ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট নেওয়া মানুষের চাপ কম বলে জানিয়েছেন স্টেশনে কর্মরত নিরাপত্তাকর্মীরা। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার আমিনুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘এবার টিকিট নেওয়া মানুষের চাপ তুলনামূলকভাবে কম। তবে ভিড় বাড়তে পারে বলে জানান তিনি।’ টিকিট কাটা নিয়ে কোনো ধরনের অপীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।