২৪ ঘণ্টা না যেতেই সেতুর আরও ২০ মিটার ধসে গেল

২৪ ঘণ্টা না যেতেই ফের জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যার পানির তোড়ে ধসে পড়া সেতুটির আরও একটি পিলার (খুঁটি) ও একটি স্প্যানের আরও ২০ মিটার ধসে পড়েছে। আজ বৃহস্পতিবার সকালে নতুন করে এই অংশ ধসে পড়ে। ফলে এক দিনের ব্যবধানে ২০০ মিটার লম্বা সেতুর দুই দফায় ৬০ মিটার (দুটি পিলার ও তিনটি স্প্যান) ধসে পড়ল। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার (খননযন্ত্র) ও ভেকু নিয়ে সেতুর কাছ থেকে বালু উত্তোলনের কারণেই সেতুটি ধসে পড়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সেতুটি ঠিক থাকতে সরিষাবাড়ী পৌর শহর থেকে কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর শাহাজাদাহাট এলাকায় যেতে সময় লাগত মাত্র ১০ মিনিট। বাজারের কাছেই সেতুটির অবস্থান। সেতুটি নদের উত্তর-দক্ষিণে রয়েছে। সেতুর একদম মাঝখানের অংশ ধসে পড়েছে। ধসে যাওয়া পিলার বা স্প্যানের কোনো চিহ্নও নেই। ধসে পড়া অংশ পানির নিচে তলিয়ে গেছে। এলাকার মানুষজনের জন্য সড়কপথে এটি যাতায়াতের একমাত্র পথ হওয়ায় লোকজন চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তাঁরা এখন ছোট ছোট নৌকায় করে নদ পারাপার হচ্ছেন। নৌকারও সংকট থাকায় তাতেও দেখা দিয়েছে বিড়ম্বনা। দীর্ঘ সময় অপেক্ষা করে নৌকা ধরে নদ পার হয়ে বাজার থেকে লোকজন বিভিন্ন স্থানে যাচ্ছেন।
স্থানীয় লোকজন জানান, তাঁরা আগে থেকেই ধারণা করছিলেন, এই বন্যায় সেতুটির কোনো না কোনো ক্ষতি হবে। তাঁদের ধারণাই সঠিক হলো। সেতুটি ধসেই পড়ল। তার কারণ, বর্ষা মৌসুমে সেতুর খুব কাছ থেকে ড্রেজার মেশিন দিয়ে এবং শুকনো মৌসুমে ভেকু দিয়ে বালু উত্তোলন করা হয়েছে। কামরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, স্থানীয় প্রভাবশালী মীর জাল, বারেক মিয়া ও বাবু মিয়া এসব বালু উত্তোলন করতেন। বছরের পর বছর তাঁরা বালু উত্তোলন করলেও প্রতিবাদ করার সাহস কেউ পাননি। বালু উত্তোলনের কারণেই সেতুটি ধসে গেছে। ফলে তাঁদের এই দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে।
নদে বালু উত্তোলনের প্রমাণ মিলেছে আজ হাতেনাতে। নদের উজান থেকে যেখানে স্রোত কম, দুপুরে সেখান থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে একটি নৌকায় নিয়ে যাওয়া হচ্ছিল। ড্রেজার মেশিনটি নৌকার মধ্যেই লাগানো ছিল। শুয়াকৈর শাহাজাদাহাট এলাকা থেকে নদে এ দৃশ্য দেখা যায়।
এ ব্যাপারে কথা বলার জন্য কামরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) কার্যালয় সূত্র জানায়, প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ২০০৬ সালে ঝিনাই নদের ওপর ২০০ মিটার লম্বা সেতুটি নির্মাণ করা হয়। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে বন্যার পানির তীব্র তোড়ে সেতুটির ৭ নম্বর পিলার (খুঁটি) ও ৬ ও ৭ নম্বর স্প্যানের ৪০ মিটার ধসে যায়। আজ বৃহস্পতিবার একটি পিলার ও একটি স্প্যানের আরও ২০ মিটার ধসে পড়ে।
ইজিবাইকচালক রিপন মিয়ার বাড়ি সেতুর উত্তর পাশে শুয়াকৈর গ্রামে। সেতুটি ধসে যাওয়ায় তিনি তাঁর ইজিবাইকটি বাড়িতে নিতে পারছেন না। রাতের বেলায় বাজারের একটি ঘরে রাখছেন তিনি। তাঁর মতো এমন দুর্ভোগে এখন ১২টি গ্রামের ২০ হাজার মানুষ। রিপন মিয়া প্রথম আলোকে বলেন, ‘এত টাকা ব্যয়ে নির্মিত বড় একটি সেতু এমনি তো ভেঙে যায়নি। সেতুতে যে স্রোত রয়েছে, এই স্রোতে সেতু ভেঙে যাওয়ার কথা নয়। সেতুর খুব কাছ থেকেই দীর্ঘদিন বালু উত্তোলন হয়েছে। নদে যখন পানি শুকিয়ে গিয়েছিল, তখন বালুখেকোরা ভেকু দিয়ে নদের মাটি কেটে বিক্রি করেছেন। ফলে পিলারের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। এ কারণেই সেতুটি ভেঙে গেছে। যেভাবে ভাঙছে, বাকি অংশটুকুও ভেঙে যাবে।’

জহুরা বেগমের সঙ্গে ভেঙে যাওয়া সেতুর ওপর দেখা। তিনি নিজেই হাত দিয়ে দেখালেন সেতুর কোন স্থান থেকে বালু উত্তোলন করা হয়েছিল। তিনি প্রথম আলোকে বলেন, ‘এত বড় একটা সেতু এমনিতেই ভাঙেনি। নদ থেকে মাটি কাটতে কাটতে এই অবস্থা হয়েছে। এখন আমাদের কত কষ্ট। সেতু না থাকায় এখন নৌকায় নদ পারাপার হয়ে হচ্ছে।’
সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রাকিব হাসান প্রথম আলোকে বলেন, দুই দফায় সেতুর ৬০ মিটার ধসে গেছে। গতকাল আরও ২০ মিটার ভেঙে গেছে। বাকি অংশটুকু ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ প্রতিটি পিলার ও স্প্যান একটি আরেকটির সঙ্গে যুক্ত থাকে। নির্মাণের এত অল্প সময়ের মধ্যে সেতুটি ভেঙে যাওয়ার বিষয়ে তিনি বলেন, এই নদ থেকে অপরিকল্পিতভাবে ব্যাপক বালু উত্তোলন করা হয়েছিল। এ কারণে পিলারের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। তাই পানির তোড়ে সেতুটি ধসে গেছে।
এলজিইডির জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, সেতুটি ধসে যাওয়ার বিষয়ে এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে একটি তদন্ত দল সরেজমিনে বিষয়টি দেখবেন। তারপর ধসে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
আরও পড়ুন: পানির তোড়ে ধসে পড়ল সেতু