২৪ ঘণ্টা পর ভেসে উঠল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদে তলিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পর বাকপ্রতিবন্ধী তরুণ মনির হোসেনের লাশ ভেসে উঠেছে। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে শঙ্খ নদের গোদারপাড় এলাকায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করেন।

নিহত তরুণের পারিবারিক সূত্র জানায়, গতকাল সোমবার সকাল আটটার দিকে উপজেলার ভরাচরের মনির চিংড়ি পোনা সংগ্রহকালে শঙ্খ নদে পড়ে তলিয়ে যান। স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁকে উদ্ধারে তৎপরতা চালায়। ২৪ ঘণ্টা পর আজ সকালে ঘটনাস্থলের ৪০০ মিটার দূরে গোদারপাড় এলাকায় ভাসমান অবস্থান তাঁর লাশটি দেখতে পান স্থানীয় লোকজন।

এ ব্যাপারে বরুমচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, মনিরের খোঁজে গতকাল তৎপরতা চালানো হলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আজ তাঁর লাশ শঙ্খ নদে ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করেন।