
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিল করল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২৪ ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর গতকাল রোববার বেলা দুইটায় ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়ে অবরোধমুক্ত হন উপাচার্য রফিকুল আলম বেগ।
এদিকে শিক্ষকদের জিম্মি করে দাবি আদায় এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ সোমবার থেকে তাদের ধর্মঘট শুরু হবে। গতকাল রোববার সন্ধ্যায় শিক্ষক সমিতির সভা শেষে এই সিদ্ধান্তর কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নীরেন্দ্রনাথ মুস্তাফী।
ওই পদ্ধতি বাতিলের দাবিতে গত শনিবার বেলা দুইটা থেকে উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা উপাচার্যকে রাতভর অবরুদ্ধ করে রেখেছিলেন। এ সময় উপাচার্যের সঙ্গে তাঁর দপ্তরে অবরুদ্ধ হয়ে পড়েন বেশ কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক। অবরুদ্ধ অবস্থায় গতকাল সকাল সাড়ে ১০টায় একাডেমিক কাউন্সিলের বৈঠকে বসেন উপাচার্যসহ অন্য শিক্ষকেরা।
একাডেমিক কাউন্সিলের সভা শেষে প্রশাসন ভবনের ফটকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ বলেন, ‘শিক্ষার্থীদের ভালোর জন্য আমরা ৩৩ ক্রেডিট পদ্ধতি চালু করেছিলাম। কিন্তু শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের ফলে ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিল করা হয়েছে। এ ছাড়া ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীদের স্থগিতকৃত একাডেমিক কার্যক্রম পুনরায় চালু এবং টিনশেড হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’
এ সময় সেখানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারও উপস্থিত ছিলেন। দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে শিক্ষার্থীরা উপাচার্যের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন এবং উল্লাসে মেতে ওঠেন। দাবি মেনে নেওয়ার ফলে এখন থেকে একের অধিক বিষয়ে অকৃতকার্য বা অনুপস্থিতির কারণে পরীক্ষায় অংশ নিতে না পারলেও পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারবেন শিক্ষার্থীরা।