ভূগর্ভস্থ কেব্ল লাইন কাটা পড়ায় বংশালসহ পুরান ঢাকার বিভিন্ন স্থান ২৪ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎবিহীন ছিল। শুক্রবার বেলা দুইটার দিকে বিদ্যুৎ চলে যায়। রাত ১১টার নাগাদ কিছু সময়ের জন্য এলেও আবার চলে যায়। রোজা রেখে প্রচণ্ড গরমে শনিবার দুপুর পর্যন্ত এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হয়।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) দায়িত্বশীল কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, নারিন্দা গ্রিড থেকে ভূগর্ভস্থ কেব্ল লাইন বংশাল হয়ে পুরান ঢাকার বিভিন্ন স্থানে চলে গেছে। শুক্রবার বেলা দুইটার দিকে বংশালের কাছে রাস্তা ও নর্দমা লাইন মেরামতের সময় ভূগর্ভস্থ কেব্ল কাটা পড়ে। এতে বংশাল ছাড়াও মাহুতটুলী, সাত রওজা, আগা সাদেক রোড, আবদুল হাদি লেন, আবুল হাসনাত রোড, নিমতলী, আগামসিহ লেনসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ চলে যায়। রাত ১১টার দিকে বিদ্যুৎ এসে কিছুক্ষণ পর আবার চলে যায়। শনিবার ভোর পাঁচটার দিকে কেব্ল লাইন মেরামত করা হলেও বিদ্যুৎ-ব্যবস্থা সচল হতে দুপুর গড়িয়ে যায়।
সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় আড়াই শ কোটি টাকার মেরামতকাজ চলছে। বংশালের ওই রাস্তাটি তারই অংশ। খোঁড়াখুঁড়ির আগে মাটির নিচের কেব্ল লাইন রয়েছে কি না, সেখানে তা পরীক্ষা করা হয়নি বলে বংশালের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন।
জানতে চাইলে ডিপিডিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল আমিন বলেন, এ ধরনের কাজে মাটির নিচের অংশ ভালোভাবে পরীক্ষা করে নেওয়ার নির্দেশ দেওয়া আছে। তারপরও কোনো কোনো ক্ষেত্রে তা করা হয় না। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।
ডিপিডিসির স্কাডা কর্মকর্তা মো. মামুন প্রথম আলোকে বলেন, কেব্ল লাইন কাটা পড়ে যে বিপর্যয় হয়েছে, তাতে ডিপিডিসির কোনো ভূমিকা ছিল না। কাটা পড়া কেব্ল শনাক্ত করতে কিছু সময় নেয়। তারপরও মেরামত করে চালু করতে শনিবার দুপুর পর্যন্ত সময় লাগে। তবে বর্তমানে আর সমস্যা নেই।
২৪ ঘণ্টার মতো বিদ্যুৎ-ব্যবস্থা অচল থাকায় পুরান ঢাকার উল্লিখিত এলাকাগুলোয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়। আগা সাদেক রোডের বাসিন্দা আবুল কালাম বলেন, দিনের বেলায় তো গরমের ভোগান্তি ছিলই। শুক্রবার ইফতারে সমস্যা হয়। তারপর সারা রাত ঘুমানো যায়নি। ভোরে সাহরি খেতে হয় মোমবাতি জ্বালিয়ে।
আগামসিহ লেনের মনিহারি দোকানি নূরুল ইসলাম বলেন, বিদ্যুৎ যাওয়ায় দোকানে মোমবাতির চাহিদা বেড়ে যায়। কিন্তু দ্রুত শেষ হয়ে যাওয়ায় চাহিদা মেটানো সম্ভব হয়নি।
ওই এলাকারই বাসিন্দা বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা ফাইমা রহমান বলেন, চাকরি করায় সময়ের অভাবে সন্তানদের ভালো ইফতারি তৈরি করে দিতে পারেননি। শুক্রবার বিদ্যুৎ চলে যাওয়ার পর গরমে ঠিকমতো রান্না করতে পারেননি। সাহরিতে খেয়েছেন শুধু ডাল-ভাত।
আবুল হাসনাত রোডের একটি লন্ড্রির মালিক ইকবাল হোসেন বলেন, বিদ্যুৎ না থাকায় তাঁর দোকানে দেওয়া পোশাক ইস্ত্রি করা সম্ভব হয়নি। নিরুপায় হয়ে দোকান বন্ধ করে তিনি বাইরে চলে যান।