২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩০
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যকেন্দ্রের হিসাবে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় কমপক্ষে ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ বছর এই রোগে আক্রান্ত হলেন ২ হাজার ৫৫ জন। গতকাল রোববার রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন ৯৪ জন ডেঙ্গু রোগী।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুর রহমান বলেন, গত ১০ বছরের মধ্যে এবারই আগস্ট-সেপ্টেম্বরে সবচেয়ে বেশি লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে, হেমোরেজিক ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার হার কম। প্রাণহানির হারও কম। গত সেপ্টেম্বরে রাজধানীতে ৯৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের।
এদিকে গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদেরও নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি নগর ভবনের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত এক নাগরিক শোভাযাত্রার উদ্বোধনের সময় এ আহ্বান জানান। তিনি জনগণকে সঙ্গে নিয়ে সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলরদের পাড়া ও মহল্লায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করার কথা বলেন।
পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু রোধে বছরজুড়ে মশা মারার কাজ করা প্রয়োজন। বর্ষা মৌসুমে কাজ শুরু করলে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।