২৪ ঘণ্টায় প্রাণ গেল ২২ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারের কাছে গতকাল ভোরে এই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় l প্রথম আলো
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারের কাছে গতকাল ভোরে এই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় l প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও চাঁদপুর-কুমিল্লা—তিন মহাসড়কের চার জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসবে প্রাণ হারিয়েছেন ১৪ জন। গত শনিবার রাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত দুর্ঘটনাগুলো ঘটে। 
এদিকে নাটোর-ঢাকা ও নাটোর-পাবনা মহাসড়কে আরও দুই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। আর কুড়িগ্রামে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন তিনজন। এ ঘটনাটিতে বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। দুর্ঘটনায় শুধু যে এতগুলো প্রাণই গেছে তা নয়, আহত বা চিরতরে পঙ্গুও হয়েছেন আরও অর্ধশতাধিক। প্রায় সব ঘটনাতেই চালকদের বেপরোয়া গাড়ি চালনাকে দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা। সবগুলো দুর্ঘটনাই ঘটেছে ২৪ ঘণ্টার কম সময়ে।
নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: ‘আমার ওস্তাদ (ট্রাকচালক) বাঁচার জন্য আইল্যান্ডের মধ্যে ট্রাকের একটি চাকা তুলে দেন। তার পরও ওস্তাদকে বাঁচতে দিল না বাসের চালক। নিজেও মরল। অন্যদেরও মারল।’ গতকাল রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সিথলিয়া এলাকায় বাস-ট্রাক সংঘর্ষ হয়। ট্রাকচালকের সহকারী প্রত্যক্ষদর্শী মো. হাসান এভাবেই দুর্ঘটনার বর্ণনা দিচ্ছিলেন।
এ মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ভোরে দুটি দুর্ঘটনায় আটজন নিহত ও কমপক্ষে ৩২ জন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু। তঁাদের মধ্যে একই পরিবারের নিহত হন তিনজন।
চৌদ্দগ্রামের নোয়াবাজার মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শাহাব উদ্দীন জানান, ভোর পাঁচটায় সিথলিয়া এলাকায় কাপ্তাই থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী বাঁশবাহী একটি ট্রাকের সঙ্গে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী সিকদার পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি প্রায় ৫০ ফুট দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে ছয়জন ও হাসপাতালে নেওয়ার পথে মারা যান একজন। আহত হন অন্তত ২০ জন যাত্রী। আহত ব্যক্তিদের চৌদ্দগ্রাম, কুমিল্লা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন বাসচালক চট্টগ্রামের সীতাকুণ্ডের মো. ফারুক, ট্রাকচালক বোয়ালখালীর জানে আলম, বহদ্দারহাট শাখা ব্র্যাক ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. জামাল হোসেন, এনজিও ব্র্যাকের ফটিকছড়ি শাখার কর্মকর্তা এনামুল কবির, তাঁর স্ত্রী ইসমত আরা সুমি, মেয়ে ফারহা আক্তার ও নেত্রকোনার কেন্দুয়ার সাইফুল ইসলামের স্ত্রী রেখা আক্তার।
শাহাব উদ্দীন আরও জানান, বাসটি অবৈধভাবে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির সঙ্গে এর সংঘর্ষ হয়।
এর আগে ভোর চারটার দিকে চৌদ্দগ্রামের লালবাগ এলাকায় নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী জান্নাত পরিবহনের বাস ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী আল বোরাক পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান জান্নাত পরিবহনের চালক মো. আশরাফুল আলী। এ ঘটনায় আহত হন অন্তত ১২ জন।
ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার কসকা নামক স্থানে দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত ও ১০ জন আহত হন। ভোর পৌনে ছয়টার দিকে ডেলটা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শামীম আল মামুন, মো. মামুন ও জ্যোৎস্না বেগম। তাঁদের সবার বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। বাসটি মধুপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতাল ও একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
নাটোর: নাটোর-ঢাকা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলায় দুটি দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী।
পুলিশ জানায়, বেলা সোয়া একটায় লাথুরিয়া সুতিরপাড় নামক স্থানে ঢাকার দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কটির পাশের রাস্তায় একটি অটোরিকশার ওপর গিয়ে পড়ে। এতে অটোরিকশার চার আরোহী নিহত হন। তাঁরা হলেন বড়াইগ্রামের শুকুর আলী ও তাঁর ভাইয়ের বউ মমতাজ বেগম এবং একই উপজেলার পুলক কুমার ও লোকমান হোসেন। এ ঘটনায় আহত মর্জিনা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করেছে পুলিশ।
এদিকে প্রায় একই সময় নাটোর-পাবনা মহাসড়কের আহম্মেদপুর এলাকায় চৌধুরী হাই চয়েস নামের একটি বাস আরেকটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে গুরুদাসপুরের আকবর হোসেনের মেয়েশিশু নাজমা খাতুন মারা যায়। শিশুটির মা শরিফা খাতুন, অটোরিকশাচালক উজ্জ্বল ও রসুল নামের আরেকজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাগবাড়ী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাবা-মেয়ে নিহত ও একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে ওই কাভার্ড ভ্যানটি নরসিংদী যাচ্ছিল। আর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে অটোরিকশায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বাড়ি ফিরছিল পরিবারটি। পথে বাগবাড়ী এলাকায় ওই দুই যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান পরিবারটির কর্তা ডালিম। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় তাঁর মেয়ে নুফনূর।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে শনিবার রাতে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ী ইউনিয়নের মাইনুল, আবদুল হক ও আবুল কাশেম।
রাত নয়টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ইউনিয়নটির আগমনী নামক স্থানে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক মাইনুল ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় অটোরিকশার চার যাত্রী আবদুল হক, হালিমা, হজরত আলী ও আবুল কাশেমকে। অবস্থার অবনতি ঘটলে আবদুল হক ও আবুল কাশেমকে রংপুর মেডিকেলে পাঠানো হলে রাত ১২টার দিকে তাঁরা মারা যান।
এ ঘটনায় এলাকাবাসী বাসটিতে অগ্নিসংযোগ করে রাস্তা অবরোধ করে রাখেন। এতে ওই পথে সব যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেন তাঁরা।
চাঁদপুর: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমারডুগী নামক স্থানে গতকাল সকালে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে এক শিশু নিহত ও অপর তিন শিশু আহত হয়। নিহত শিশু চাঁদপুর শহরের নাজির হোসেনের মেয়ে নাজিয়া সুলতানা। আহত শিশুরা হলো নাজিয়ার ছোট বোন তৃষা, একই বাড়ির মৃত ইব্রাহিম মিজির মেয়ে খায়রুন আক্তার ও তাজুল ইসলামের ছেলে শাহাদাত। এরা মামাতো-ফুফাতো ভাইবোন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে পদ্মা পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানটি ছিটকে সড়কের পাশে পুকুরে গিয়ে পড়ে। পুকুরে পড়ে যাওয়ার সময় ওই শিশুরা ভ্যানটির নিচে চাপা পড়ে।