জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী ২৪ ঘণ্টার ব্যবধানে তিন ছাত্রকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল সোমবার ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন।বিশ্ববিদ্যালয়ের একাধিক সংগঠন ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪০তম ব্যাচের শ্রেণী প্রতিনিধি নির্ধারণকে কেন্দ্র করে একই ব্যাচের আলীমুল রাজীর সঙ্গে মো. রাশিদুল হকের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আলীমুলকে মারধর করেন রাশিদুল। বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে মারধরের অপরাধে ১০ মার্চ সিন্ডিকেট সভায় রাশিদুলকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। কিন্তু তিনি নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছেন।গত রোববার রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১৩ নম্বর কক্ষের দরজা খুলতে দেরি করায় ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য আরিফুল ইসলামকে ছাত্রলীগের দুই কর্মী মারধর করেন। রোববার দুপুরে শ্রেণীকক্ষে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের কয়েকজন কর্মী বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় ইংরেজি বিভাগের ছাত্র ও জাহাঙ্গীরনগর থিয়েটারের কর্মী মোবাশ্বের আলমকে মারধর করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সুকল্যাণ কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, প্রক্টরিয়াল বডির সদস্যরা তিনটি ঘটনারই প্রাথমিক প্রতিবেদন তৈরি করেছেন। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।