২৪ ঘণ্টার মধ্যে অপহূত ব্যবসায়ীকে উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার চার দিন পরও খোঁজ মেলেনি টাঙ্গাইলের সখীপুরের কালিয়া ঘোনারচালা বাজার বণিক সমিতির নেতা আবদুল বারী মিয়ার (৫০)। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
আজ শুক্রবার ওই বাজারের ব্যবসায়ীরা সকাল নয়টা থেকে জুমার নামাজের আগ পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট কর্মসূচি পালন করেন। বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্বাস আলী বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ ব্যবসায়ীকে পুলিশ উদ্ধার করতে না পারলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান না পাওয়ায় হতাশায় ভেঙে পড়েছেন তাঁর পরিবারের লোকজন। ব্যবসায়ীর স্ত্রী মাজেদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি তিন ছেলে-মেয়ে নিয়ে খুবই দুশ্চিন্তা ও হতাশার মধ্যে রয়েছি। আমি এখন কী করব, বুঝে উঠতে পারছি না।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ‘নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি শিগগিরই ওই ব্যবসায়ীর সন্ধান পাওয়া যাবে।’
গতকাল বৃহস্পতিবার উপজেলার ঘোনারচালা বাজারের ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নিখোঁজ ব্যবসায়ী আবদুল বারী মিয়া ওই নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রার্থী ছিলেন। গত মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচারণার কাজে বের হলেও পরে তিনি আর বাসায় ফেরেননি। বুধবার সকালে বারী মিয়ার স্ত্রী মাজেদা আক্তার সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।