শিক্ষকদের নিয়ে মন্তব্যের কারণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অর্থমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। গতকাল বুধবার ফেডারেশনের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বিবৃতিতে সই করেন। তাঁরা বলেন, অর্থমন্ত্রী বিভিন্ন সময় অযাচিত, বিরূপ ও হাস্যকর মন্তব্য করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
এ ছাড়া গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকর পরিষদের জরুরি সভা হয়েছে। এ সময় অর্থমন্ত্রীকে অবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, শিক্ষকদের বিরুদ্ধে বিরাগের বশবর্তী হয়ে মন্ত্রী যেসব কথা বলেছেন, এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে তিনি মন্ত্রী হিসেবে থাকার সব নৈতিক ও সাংবিধানিক অধিকার হারিয়েছেন। স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাঁর বিরুদ্ধে আন্দোলনে যাবে শিক্ষক সমিতি।
গত মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষকদের আন্দোলনের সমালোচনা করে বলেছিলেন, দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছে। তাঁদের কর্মবিরতির কোনো যুক্তি নেই। তাঁরা জানেনই না যে নতুন বেতনকাঠামোতে তাঁদের জন্য কী আছে, কী নেই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, সপ্তম বেতনকাঠামোতে সচিব ও সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকেরা সর্বোচ্চ গ্রেড ১-এ ছিলেন। শুধু মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব গ্রেড-১ এ থাকলেও একটি অতিরিক্ত ভাতা পেতেন। কিন্তু সদ্য ঘোষিত অষ্টম বেতন স্কেলে গ্রেড-১ এর ওপরে আরও দুটি বিশেষ ধাপ রয়েছে এবং সিলেকশন গ্রেড বাতিল করা হয়েছে।
ঘোষিত বেতনকাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চার দফা দাবির কোনোটিই গ্রহণ করা হয়নি—দাবি করে বিবৃতিতে বলা হয়, ‘অর্থমন্ত্রীর মন্তব্য বাংলাদেশের শিক্ষা পরিবারের প্রায় সাড়ে পাঁচ কোটি সদস্যের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। এমতাবস্থায় আমরা অর্থমন্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানাই। অন্যথায় শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো উদ্ভূত পরিস্থিতির দায়ভার তাঁকেই বহন করতে হবে।’