
মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মায় বিলীন হওয়া তিন নম্বর রো রো ফেরিঘাট ২৪ ঘণ্টার মধ্যে চালু করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ বুধবার সকালে মাওয়া ঘাট এলাকা পরিদর্শন শেষে স্থানীয় ডাকবাংলোয় প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন ।
ব্রিফিংয়ে শাজাহান খান বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যেই বিলীন হওয়া ঘাট চালু করা করা হবে। আপাতত দুই নম্বর ঘাটে রো রো ঘাটটি স্থানান্তর করে সচল করা হচ্ছে। এ ঘাটেই কে-টাইপ ও ডাম্প ফেরিগুলো চলবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান প্রমুখ।
ভাঙন অব্যাহত: মাওয়ায় পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তিন নম্বর রো রো ফেরিঘাট ও বাসস্ট্যান্ড এলাকায় আরও ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পদ্মায় বিলীন হয়ে গেছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে রো রো ফেরিঘাটসহ ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হয়ে যায়। এ নিয়ে আজ বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হয়।
এদিকে রো রো ফেরিঘাটটি বন্ধ হওয়ায় এখন মাওয়া ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মাওয়া ঘাটে বিআইডব্লিউটিএর পরিচালক শফিকুর রহমান বলেন, ‘আমরা ঘাটটি দ্রুত মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি কাল বৃহস্পতিবার সকালের মধ্যে এটির মেরামত সম্পন্ন হবে।’