শারীরিক কসরতে অংশ নিতে দেরি করায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল বুধবার প্রথম আলোর ৫-এর পৃষ্ঠায় ‘শারীরিক কসরতে অংশ নিতে দেরি, শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন শিক্ষিকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি জেলা প্রশাসক (ডিসি) ওবায়দুল আজমের নজরে আসে। ডিসি সকালে রায়পুরা উপজেলার নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা আক্তারকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, তদন্ত কমিটি দুপুরে ঘটনাস্থল রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে কমিটি। গত মঙ্গলবার শারীরিক কসরতে অংশ নিতে দেরি করায় কবিতা নামের ওই শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে আহত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমা আক্তার। এ ঘটনায় কবিতার পরিবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।